মো. কবির হোসেন (সুজন), প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
প্রিয়, এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। কোভিড-১৯ মহামারির কারণে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের পাঠ্যসূচির সিলেবাস সংক্ষিপ্ত করে গুরুত্বপূর্ণ কয়েকটি অধ্যায় নিয়ে পাঠ্যসূচি প্রকাশ করা হয়েছে। এরমধ্যে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের প্রথমপত্রের তৃতীয় অধ্যায় পাঠ্যসূচির অন্তর্ভুক্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমাদের সুবিধার্থে এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর উপস্থাপন করা হলো।
১। একমালিকানা কারবার বলতে কী বোঝায়?
উত্তর:যে কারবারে একজন মাত্র মালিক থাকে এবং ব্যবসা পরিচালনায় যিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ব্যবসায়ের নীতি নির্ধারণি সকল কাজ তিনি একাই করে থাকেন তাকে একমালিকানা কারবার বলা হয়।
পৃথিবীর আদি সবচেয়ে প্রাচীন ও সহজ ধরনের কারবার হলো একমালিকানা কারবার। ব্যবসায়ের অগ্রযাত্রা শুরু হয়েছিল এইরূপ ব্যবসায়ের মাধ্যমে। এইরূপ কারবার বা ব্যবসায় একক ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। সহজ সংগঠন বলার কারণ হলো এইরূপ ব্যবসায় গঠন খুবই সহজ। একজন ব্যক্তি কোনো অভিজ্ঞতা ও আইনগত আনুষ্ঠানিকতা ছাড়াই যে কোনো সময়ে যে কোনো স্থানে স্বল্প পুঁজি নিয়ে এইরূপ ব্যবসায় গঠন করতে পারেন। এইরূপ ব্যবসায় মালিকের দায় অসীম।
২। পচনশীল পণ্যের ব্যবসা একমালিকানায় উপযুক্ত কেন?
উত্তর:পচনশীল পণ্যের ব্যবসায়ে পণ্যের ক্রয় বিক্রয়ের ব্যাপারে খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হয় বিধায় এই ধরনের ব্যবসায়ে একমালিকানা কারবার খুবই উপযুক্ত। যে কারবারে একজন মালিক থাকে এবং মালিক একাই সিদ্ধান্ত নেয় তাকে একমালিকানা কারবার বলা হয়। মালিক একাই সকল সুযোগ সুবিধা ভোগ করে বিধায় একাই যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। আর পচনশীল পণ্যের ক্রয় বিক্রয়ের ব্যাপারে খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে হয় নতুবা এই ধরনের পণ্য পচে যাবার সমূহ সম্ভাবনা থাকে। তাই এই ধরনের পচনশীল পণ্যের ব্যবসা একমালিকানা কারবারে হওয়াই উপযুক্ত।
৩। একমালিকানা ব্যবসায় মালিকের দায় অসীম কেন?
একমালিকানা ব্যবসায়ে অসীম দায় বলতে বিনিয়োগকৃত মূলধনের বাহিরেও মালিকের দায়কে বোঝায়।
একমালিকানা কারবারে কোন পৃথক সত্তা থাকে না। মালিকের সত্তাই এখানে মূখ্য। সকল লাভ ও সুযোগ সুবিধা যেমনি মালিক একাই ভোগ করে থাকেন তেমনি সকল দায়ও তাকে একাই বহন করতে হয়। এই রূপ ব্যবসায়ের দায় কারও সাথে বণ্টনের কোনো সুযোগ নেই এবং আইন অনুযায়ী সকল দায় একাই মালিককেই বহন করতে হয়। কারণ এইরূপ ব্যবসায়ের দায়ের জন্য তার ব্যক্তিগত সম্পত্তিও দায়বদ্ধ থাকে। তাই এইরূপ ব্যবসায়ের মালিকের দায় সাধারণত অসীম হয়ে থাকে।
৪। যে কোনো দেশে একমালিকানা ব্যবসায় সংগঠনের সংখ্যা সর্বাধিক হবার কারণ কী?
একজন মালিক স্বল্প মূলধন নিয়ে যে কোনো শহরের প্রাণকেন্দ্র হতে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে কোনো স্থানে সহজেই এইরূপ ব্যবসায় গঠন করতে পারে বলে এইরূপ ব্যবসায়ের সংখ্যা সর্বাধিক।
পৃথিবীর প্রথম ব্যবসায় একমালিকানা ব্যবসায়। এইরূপ ব্যবসায়ের কিছু কিছু সীমাবদ্ধতার কারণে অংশীদারি কারবার পরবর্তীতে যৌথমূলধনী কারবার সৃষ্টি হলেও আজও একমালিকানা কারবারের সংখ্যা সর্বাধিক। কারণ, এইরূপ কারবার খুব সহজেই ক্রেতা বা ভোক্তার দুয়ারে পণ্য বা সেবা বা মালামাল পৌঁছে দেয়। ক্রেতা বা ভোক্তা খুব সহজেই তার প্রয়োজনীয় পণ্য হাতের কাছেই পেতে পারে। সেই জন্য এইরূপ ব্যবসায়ের প্রয়োজনীয়তা যেমনি বেশি তেমনি এর গ্রহণযোগ্যতাও বেশি। তাই সারা পৃথিবীতে এইরূপ ব্যবসায়ের সংখ্যা আজও সর্বাধিক।
