হাজীগঞ্জে অর্থ আত্মসাত্ মামলায় গ্রেফতার ২

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৪

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

হাজীগঞ্জ থেকে ২৫ লাখ টাকা আত্মসাত্ মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পিবিআই। শুক্রবার তাদেরকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের জিয়া নগরের ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। আটককৃতরা হচ্ছেন নগদ ডিস্ট্রিবিউটরের ক্যাশ ইনচার্জ সাগর কুমার দত্ত (৩৭) ও তার দ্বিতীয় স্ত্রী স্বপ্ন রাণী ভৌমিক (৩৫)।

মামলার সূত্রে জানা গেছে, সে হাজীগঞ্জের আলীগঞ্জের নিজাম উদ্দিন আহমেদের মালিকানাধীন নগদ ডিস্ট্রিবিউটর মেসার্স ফরিদ আহমেদের ক্যাশ ইনচার্জ এবং আইটি বিশেষজ্ঞ হিসেবে সে কর্মরত ছিল। সেই সুবাদে প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন তার মাধ্যমেই করা হতো। এরই ধারাবাহিকতায় গত ২০ মে দুপুরে সে সহ আরো দুই জন ব্যাংকে ৬ লাখ টাকা জমা ও ১৯ লাখ টাকা উত্তোলনের জন্য চেক দিয়ে যায়। তবে সে অপর দুই জনকে নিচে রেখে ব্যাংকে গিয়ে টাকা উত্তোলনের পর উধাও হয়ে যায়। বিষয়টি জানার পর ঐ ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেন। চাঁদপুর পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েত কাউছার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদ ও অবশিষ্ট ১৪ লাখ টাকা উদ্ধারের জন্য পুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে।