রৌমারীতে কাউনের চাষ বাড়ছে

আপডেট : ১১ জুন ২০২১, ২১:১৫

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

রৌমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় চরাঞ্চলে কাউনের আবাদ বাড়ছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চরাঞ্চলের মানুষের আয়ের উত্স কৃষি চাষাবাদ ও মাছ ধরা। বেঁচে থাকার লড়াইয়ে কৃষকরা কাউন চাষে আগ্রহী হয়ে উঠেছে। চরাঞ্চলে প্রায় পাঁচ হেক্টর জমিতে বিভিন্ন জাতের কাউন চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার কাউন চাষ ভালো হয়েছে। খেতের সোনালি রঙের কাউন কাটা মাড়াই শুরু করেছে কৃষকরা। ফুলুয়ারচর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘আমি এক বিঘা জাগায় কাউন চাষ করেছি। আমার খরচ হয়েছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা। এক বিঘা জমিতে ফলন হয়েছে ৮ মণ। বাজারে এক মণ কাউনের দাম ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যাবে। এক বিঘার কাউন ফসল বিক্রি করে আমার লাভ হবে প্রায় ১২ হাজার টাকা।’ বাইশপাড়া গ্রামের কৃষক হারেজ আলী জানান, পরিশ্রম কম ও লাভ তুলনামূলক বেশি হওয়ায় কাউন চাষ চরাঞ্চলে দিন দিন বাড়ছে। বন্দবেড় ইউনিয়নের বন্দবেড় ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘ব্রহ্মপুত্র নদের পূর্বপাড় চরাঞ্চলের মাটি কাউন চাষের জন্য খুব উপযোগী। বাণিজ্যিকভাবে কাউন চাষের উদ্যোগ গ্রহণ করলে বদলে যেতে পারে চরাঞ্চলের দরিদ্র কৃষকের ভাগ্য। কাউন একটি পুষ্টিমাণ সমৃদ্ধ কৃষিপণ্য। কাউন থেকে আমিষ ও খণিজ লবণের চাহিদা পূরণ হয়। চরাঞ্চলে কাউনসহ বিভিন্ন অর্থকরী ফসল উত্পাদনের লক্ষ্যে আমরা কৃষকদের সহযোগিতা ও পরামর্শ প্রদান করছি।’