নোয়াখালী-৪ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরীসহ ৯৬ জনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় সাধারণ ডায়ারি (জিডি) করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। হত্যা, গুম ও হামলার আশঙ্কায় গত বৃহস্পতিবার রাতে এই জিডি করা হয়েছে।
মির্জা কাদের জিডিতে উল্লেখ করেন, এমপি একরাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেলসহ তার আপন ভাগিনা দেশের মধ্যে তাকে হত্যার পরিকল্পনা করছেন। এছাড়া আমেরিকাতে কেন্দ্রীয় যুবলীগ সদস্য নুরুল করিম জুয়েল, তার শ্বশুর আল-আমিন আমেরিকান প্রবাসী সেলিম চৌধুরী ভিপি বাবুল, শাহাব উদ্দিন, শাহজাহান ছোটনসহ অনেকে তাকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করছেন।
জিডিতে তিনি ৯৬ জনের নাম উল্লেখ করেছেন। আরো ২০-২৫ জনকে অজ্ঞাত হামলার পরিকল্পনাকারী হিসেবে উল্লেখ করেছেন। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, অভিযোগটি সাধারণ ডায়ারি হিসেবে নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছেন। একরামুল করিম চৌধুরী এই ধরনের অভিযোগ অস্বীকার করেছেন।
