যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহিদ কুরাইশি

আপডেট : ১২ জুন ২০২১, ০০:৫৯

যুক্তরাষ্ট্রে ফেডারেল বিচারক হয়েছে জাহিদ কুরাইশি। তাকে বৃহস্পতিবার নিয়োগ দিয়েছে সিনেট। ৮১-১৬ ভোটে তিনি বিচারপতি নির্বাচিত হন। দেশটির ডেমোক্র্যাটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি উভয় দলের ভোটই তার পক্ষে গেছে। দেশটির ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেলেন। খবর এবিসি নিউজের

জাহিদ কুরাইশি বর্তমানে ম্যাজিস্ট্রেট বিচারক। তিনি এখন নিউ জার্সির ইউএস ডিস্ট্রিক্ট কোর্টে বিচারকের দায়িত্ব পালন করবেন। ভোটাভুটির আগে বুধবার সিনেট ফ্লোরে সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা চাক চুসুমার বলেন, ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক বা আর্টিকেল-৩ বিচারক হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের কেবল ডেমোগ্র্যাফিক বৈচিত্র্য আনলেই চলবে, পেশায়ও বৈচিত্র্য আনতে হবে। আমার সঙ্গে প্রেসিডেন্ট বাইডেনও একমত পোষণ করবেন বলে আশা করি’।

যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশের সঙ্গে আরও ১০ জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক। এর আগে মঙ্গলবার নিউ জার্সি ও কলোরাডোর বেঞ্চের জন্যও বাইডেন মনোনীত বিচারকদের নিয়োগ অনুমোদন করে সিনেট। পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ নিউইয়র্ক সিটিতে জন্মগ্রহণ যিনি নিউ জার্সিতে বড় হয়েছেন। ২০১১ সালের দিকে একটি ল ফার্মে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনীতে নিয়োগ পান। সরকারি আইনজীবী হিসেবে সেই তার পথচলা শুরু। কুরাইশির বাবা নিসার ১৯৭০ সালে পাকিস্তান থেকে নিউইয়র্ক যান। দেশটিতে চিকিত্সা সেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। করোনায় আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে তিনি মৃত্যুবরণ করেন।