বিবিসি
প্রায় সাত মাস কারাভোগের পর মুক্তি পেয়েছেন হংকংয়ের বিখ্যাত গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মী অ্যাগনেস চৌ। ঘোষিত ১০ মাস সাজার মেয়াদপূর্তির আগেই মুক্তি দেওয়া হলো তাকে। শনিবার স্থানীয় সময় সকাল ১০টায় কারাফটক ত্যাগ করেন চৌ।
মুক্তি পাওয়ার পর চৌকে অভিনন্দন জানিয়েছেন সমর্থকরা। তবে কারাফটক থেকে মুক্তির পর তিনি গণমাধ্যমের সামনে কথা বলেননি। মুক্তির পর চৌকে তার বন্ধুরা একটি গাড়িতে করে নিয়ে যান। চৌয়ের এই আগাম মুক্তির কারণ জানায়নি কর্তৃপক্ষ। ২০১৯ সালে হংকংয়ে অনুষ্ঠিত বিক্ষোভে ভূমিকার কারণে গত বছর সহকর্মী জশুয়া ওং এবং ইভান ল্যামের সঙ্গে কারান্তরীণ করা হয় চৌকে। এরপরই হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন প্রণয়ন করে চীন। অভিযোগ রয়েছে, ভিন্নমত দমনের জন্যই এই আইন প্রয়োগ করা হয়।
হংকংয়ের গণতন্ত্র আন্দোলনের মুখপাত্র হয়েছিলেন চৌ এবং তার সহকর্মীরা। এজন্য ২৪ বছর বয়সি এই তরুণীকে ডাকা হয় ‘গণতন্ত্রের দেবী’ নামে। এদিকে চৌয়ের দুই সহকর্মী ওং এবং ল্যাম এখনো কারাবন্দি। এছাড়া, নাথান ল নামে দেশটির আরেক গণতন্ত্রপন্থি তরুণ আন্দোলনকর্মী পালিয়ে যুক্তরাজ্যে আশ্রয় নেওয়ার পর তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে ব্রিটিশ সরকার।
