মিতুর বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৪৭

চট্টগ্রামে চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশের আত্মহত্যার প্ররোচণা মামলায় গ্রেফতার স্ত্রী তানজিলা হকের বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। শনিবার চট্টগ্রামের মেট্রোপলিটন আদালতে রিমান্ড আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা চাঁন্দগাও থানার এএসআই আবদুল কাদের।

এদিকে ডা. আকাশের ফেসবুক থেকে স্ত্রী মিতুর ‘বহুগামিতা’ এবং এ সংশ্লিষ্ট যেসব ছবি ও মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট আপলোড করা হয়েছিল, সেগুলো ডিলিট করে দেওয়া হয়েছে। কে বা কারা এ কাজটি করেছেন, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. মিজানুর রহমান জানান, ডা. আকাশের আত্মহত্যায় স্ত্রী মিতুর প্ররোচনা খতিয়ে দেখা হচ্ছে। আকাশ তার পোস্টে মিতুর যেসব ছেলেবন্ধুর নাম বলে গেছেন, তাদের বিষয়েও পুলিশ তদন্ত করবে।

গ্রেফতার মিতুর প্রাথমিক স্বীকারোক্তি অনুযায়ী, আমানত শাহ মাজার এলাকা থেকে তার ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ডা. আকাশের ব্যক্তিগত মুঠোফোনটিও জব্দ করা হয়েছে। দু’টি মোবাইলই খতিয়ে দেখা হচ্ছে।

শুক্রবার বিকালে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে চান্দগাঁও থানায় মামলা করেছেন আত্মহত্যাকারী চিকিৎসকের মা জমিরা খানম। মামলায় মিতু, তার বাবা আনিসুল হক চৌধুরী, মা এবং আমেরিকা প্রবাসী এক বোন ও মিতুর দুই ছেলে বন্ধুকে আসামি করা হয়েছে।

মৃত্যুর এক ঘণ্টা আগে ডা. আকাশ নিজের ফেসবুকে স্ত্রীর উদ্দেশে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসটিতে স্ত্রীর প্রতি তার অভিমান ও ক্ষোভ প্রকাশ পায়।

প্রসঙ্গত, কয়েক বছরের প্রেমের পরিণতি হিসেবে ২০১৬ সালে তানজিলা হক মিতুকে বিয়ে করেন আকাশ। কিন্তু বিয়ের তিন বছর না যেতেই সেই ভালোবাসা ফিকে হয়ে যায়।

আরও পড়ুন: গণভবনে প্রধানমন্ত্রীর চা-চক্রে রাজনীতিকদের মিলনমেলা

ইত্তেফাক/এমআই