চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা জেলা কারাগারের এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিত্সাধীন অবস্থায় মারা যান তিনি। রবিউল ইসলাম নামের ঐ কয়েদির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে জেল কর্তৃপক্ষ বলছে কারাগারের বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে মারা গেছেন তিনি। মৃত রবিউল ইসলাম (৪৫) চুয়াডাঙ্গা পৌর এলাকার সিঅ্যান্ডবি পাড়ার আনোয়ার হোসেনের ছেলে। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার শওকত হোসেন মিয়া জানান, একটি মাদক মামলায় মেহেরপুর থেকে রবিউল ইসলাম নামের এক আসামির এক বছরের কারাদণ্ডাদেশ হয়। গত ১৫ মে তাকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে স্থানান্তরিত করা হয়। শনিবার বেলা ১১টার দিকে জেলাখানার বাথরুমে পড়ে যায় রবিউল। তার মাথায় আঘাত লাগলে সদর হাসপাতালে পাঠানো হয়। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিত্সক ডা. মাহবুবুর রহমান বলেন, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় রবিউল ইসলাম নামের একজনকে হাসপাতালে আনা হয়। তাকে প্রাথমিক চিকিত্সা শেষে ভর্তির জন্য সবরকম প্রস্তুতি সম্পন্ন করছিলাম। এর কিছুক্ষণ পর তিনি মারা যান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিত্সা কর্মকর্তা (আরএমও) ডা. ফাতেহ আকরাম জানান, ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
