বকশীগঞ্জে ভুল সিলেবাসের প্রশ্নে এসএসসি পরীক্ষা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:০৪

বকশীগঞ্জে এসএসসি পরীক্ষার প্রথম দিনে নির্ধারিত প্রশ্নের পরিবর্তে ভিন্ন সেটে ভুল সিলেবাসের প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে। ফলে উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে বাংলা প্রথমপত্রের এমসিকিউ পরীক্ষায় ২শতাধিক শিক্ষার্থী ২০১৯ সালের পরিবর্তে ২০১৮ সালের সিলেবাস অনুযায়ী প্রণিত প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা দিয়েছে। এতে করে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শনিবার বাংলা প্রথমপত্রের পরীক্ষায় বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৩১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এরমধ্যে ২০১৮ সালের সিলেবাসের শিক্ষার্থী ছিলো ১৩ জন।

২০১৫-১৬ শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের জন্য ২০১৮ সনের সিলেবাস অনুযায়ী প্রশ্ন এবং ২০১৬-১৭ সালের শিক্ষার্থীদের জন্য ২০১৯ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পুরাতন ও নতুন পরীক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র থাকলেও ২ শতাধিক নতুন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া ২০১৮ সনের সিলেবাসের প্রশ্ন।

পরীক্ষা শেষে ঘটনা জানাজানি হলে পরীক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবহিত করে। উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম প্রাথমিক তদন্ত শেষে উপস্থিত সাংবাদিক ও অভিভাবকদের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুনঃ যুক্তরাজ্যে প্রাইভেট টিউটর ও কোচিং সেন্টারের শিক্ষকদের পুলিশ রিপোর্ট বাধ্যতামূলক

এ ব্যাপারে কেন্দ্র সচিব বকশীগঞ্জ উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান জানান, ‘ভুলবশত ভিন্ন সিলেবাসের প্রশ্ন বিতরণ ও পরীক্ষা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তপক্ষের সিদ্ধান্তক্রমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে পরীক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না।’

ইত্তেফাক/নূহু