পাঁচদিনেও উদ্ধার হয়নি গৌরনদীর অপহৃতা স্কুল ছাত্রী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:২২

গৌরনদীতে ৬ষ্ঠ শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে অপহরণের ঘটনার পাঁচদিন পরেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই স্কুলছাত্রীর বাড়ি বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামে। সে ওই গ্রামের এক দিনমজুরের কন্যা এবং বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ট শ্রেণির ছাত্রী (১৩)।

এজাহারে জানা গেছে, একই গ্রামের আব্দুস সালাম বেপারীর বখাটে পুত্র হিরো বেপারী (১৯) দীর্ঘদিন থেকে তাকে উত্যক্ত করে আসছিলো। গত ১৫ জানুয়ারি স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে তার পথরোধ করে কু-প্রস্তাব দেয় বখাটে হিরো বেপারী। তার প্রস্তাব প্রত্যাখান করে বাড়িতে ফিরে ওই স্কুলছাত্রী বিষয়টি তার বাবা-মাকে জানায়। এ বিষয়ে হিরোর অভিভাবকের কাছে বিচার দেয় স্কুল ছাত্রীর বাবা। এতে ক্ষিপ্ত হয়ে বখাটে হিরো স্কুল ছাত্রীকে অপহরণসহ দেখে নেওয়ার হুমকি দেয়।

মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ২৯ জানুয়ারি বিকেলে ওই স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে প্রতিবেশীর বাড়ি যাচ্ছিলো। পথিমধ্যে পশ্চিম চন্দ্রহার খালপাড় সড়কে পৌঁছুলে বখাটে হিরো বেপারী তার সহযোগী কাইয়ুম বেপারীসহ ৩-৪ জন অস্ত্রের মুখে জিম্মি করে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে মাহেন্দ্রা গাড়িতে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় অপহৃতা স্কুলছাত্রীর পিতা বাদী হয়ে ৩১ জানুয়ারি সকালে গৌরনদী মডেল থানায় পাঁচজনকে আসামি করে একটি অপহরণ মামলা দায়ের করেন। 

আরও পড়ুনঃ বকশীগঞ্জে ভুল সিলেবাসের প্রশ্নে এসএসসি পরীক্ষা

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, আসামিদের গ্রেফতার ও অপহৃতা স্কুলছাত্রীকে উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/নূহু