ওসমানীনগরে দুর্ঘটনায় নিহত রিফাতের পরিবারে শোকের মাতম

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৮

সিলেট-ঢাকা মহাসড়কে দুুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয় জুনাইদ আহমদ রিফাত (৬)। সে বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের বশিরপুর মীরের বাড়ীর মীর সাইদুর রহমানের পুত্র। শনিবার বিকেল তিনটার দিকে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সিলেট-ঢাকা সড়কের ওসমানীনগর অংশের কুরুয়া বাজার এলাকায় অটোরিকসা (সিলেট-থ ১১-৮০১০) ও হবিগঞ্জী বিরতিহীনের (ঢাকা মেট্ট্রো-ঠ ১৪-৩০৮৫) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশায় থাকা নিহত রিফাতসহ তার মা রিপা বেগম ও দুই বোন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন।

তাজপুর (বালাগঞ্জ) ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে রিফাতের অবস্থা সংকটাপন্ন ছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে সে মারা যায়।

এদিকে হাসপাতালে রিফাতের মা সজ্ঞাহীন থাকায় তাকে এখনো ছেলের মৃত্যুর খবর জানানো সম্ভব হয়নি। প্রথম শ্রেণীর ছাত্র ফুটফুটে রিফাতের মৃত্যুর ঘটনায় তার বাবা সাইদুর রহমান বারবার মূর্ছা যাচ্ছেন। শোকে কাতর হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা।

আরও পড়ুনঃ পাঁচদিনেও উদ্ধার হয়নি গৌরনদীর অপহৃতা স্কুল ছাত্রী

সিলেট তামাবিল হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ মাসুক মিয়া বলেন, ‘দুর্ঘটনার পর হবিগঞ্জী বিরতিহীন গাড়ির চালক পালিয়ে গেছে। গাড়িটি জব্দ করা হয়েছে, চালকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/নূহু