‘বাজেট প্রণয়নে সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা হয়নি’

আপডেট : ১২ জুন ২০২১, ২২:২৭

ইত্তেফাক রিপোর্ট

এবারের বাজেট প্রণয়নে সংসদীয় স্থায়ী কমিটিগুলোর সঙ্গে আলোচনা করা হয়নি বলে উল্লেখ করেছেন সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অন্তত সংসদীয় স্থায়ী কমিটির প্রধানদের পরামর্শ নিতেন। তিনি সেই বৈঠকে নিজে নোট নিতেন। এবারের অর্থমন্ত্রী কোনো কমিটির সঙ্গে আলোচনা করেননি। আমরা জাতীয় সংসদে জনগণের কথা বলি। যদি বাজেট প্রণয়নের সঙ্গে সম্পৃক্ত না থাকি, তাহলে সে বিষয়গুলো কীভাবে আসবে?’ গতকাল সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত ‘বাজেট ডায়ালগ-২০২১’ শীর্ষক বাজেট-পরবর্তী আলোচনাসভায় সম্মাননীয় অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। ভার্চুয়াল পদ্ধতিতে আয়োজিত এই সংলাপে সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান সভাপতিত্ব করেন। অধ্যাপক রেহমান সোবহান বলেন, জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনা হওয়া উচিত। স্থায়ী কমিটিগুলোতে বাজেট নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।