রংপুর নগরীতে ব্যানার পোস্টার অপসারণ শুরু

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ১৭:১০

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী রংপুর জেলার বিভিন্ন উপজেলায় সম্ভাব্য প্রার্থীদের সকল ধরনের ব্যানার ও পোস্টার অপসারণ শুরু হয়েছে। শনিবার দুপুর থেকে রংপুর সিটি কর্পোরেশন এলাকার প্রধান সড়কসহ বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ও সহকারী কমিশনার মাহামুদুর রহমানের নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মীরা এ সব অপসারণ শুরু করে।

দায়িত্বপালন-রত ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান সাংবাদিকদের জানান, ৩০ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন এলাকায় টানানো সকল ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড, পোস্টার অপসারণ করা হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ঐক্যফ্রন্ট থেকে নির্বাচন করছেন আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রীর ছেলে ড. রেজা কিবরিয়া...

এদিকে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নগরবাসী। সুজন সম্পাদক মুক্তিযোদ্ধা আকবর হোসেন জানান, শুধু নগরে নয় পুরো জেলায় এ অভিযান চালাতে হবে।

ইত্তেফাক/বিএএফ