যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক এখন সবচেয়ে তলানিতে :পুতিন

আপডেট : ১২ জুন ২০২১, ২৩:০১

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এখন সবচেয়ে তলানিতে ঠেকেছে। মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ মন্তব্য করেছেন। শুক্রবার প্রচারিত সাক্ষাত্কারটিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন পুতিন। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না। খবর আলজাজিরার।

আগামী বুধবার সুইজারল্যান্ডের জেনেভায় জো বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করবেন পুতিন। কিন্তু এই বৈঠকের সপ্তাহ খানেক আগেই বাইডেন রাশিয়াকে সতর্ক করে বলেন, ক্ষতিকর কোনো কাজে যুক্ত হলে ক্রেমলিনকে ‘কঠোর পরিণতির’ মুখোমুখি হতে হবে। এমন পরিস্থিতিতে এনবিসিকে সাক্ষাত্কার দিয়েছেন পুতিন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্ক নাজুক অবস্থায় এসে দাঁড়িয়েছে। ট্রাম্পের প্রশংসা করে পুতিন বলেন, তিনি (ট্রাম্প) অসাধারণ ব্যক্তিত্ব, বিচক্ষণ ব্যক্তিত্ব। নইলে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে পারতেন না। তিনি বর্ণিল ব্যক্তিত্বের অধিকারী। প্রেসিডেন্ট হওয়ার আগে দীর্ঘ সময় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তারপরও তিনি প্রেসিডেন্ট হয়েছেন। এটিই সত্য। কিন্তু জো বাইডেন তার সম্পূর্ণ বিপরীত। তিনি সারা জীবন রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুতিন বলেন, এ ধরনের মানুষের কাছ থেকে যেমন সুবিধা পাওয়া যায়, তেমনি অসুবিধা থাকে। তবে আমি আশা করব, প্রেসিডেন্ট জো বাইডেন আবেগপ্রবণ হয়ে কোনো পদক্ষেপ নেবেন না। গত মার্চে পুতিনকে হত্যাকারী হিসেবে অভিহিত করেছিলেন বাইডেন। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে পুতিন জানান, এ রকম অনেক অভিযোগ তিনি শুনেছেন। এসব নিয়ে তিনি ভাবেন না।

খবরে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা মনে করেন আগামী সপ্তাহের বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নের জন্য একটি সুযোগ হতে পারে। এদিকে দুই শীর্ষ নেতার বৈঠকের পর যৌথ প্রেস ব্রিফিং হবে কি না, সেটা এখনো চূড়ান্ত হয়নি। তিন বছর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যখন পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তখন যৌথ ব্রিফিং হয়।