এখন কি আপনাদের উপভোগ করার সময়? জি-৭ নেতাদের রানির প্রশ্ন

আপডেট : ১২ জুন ২০২১, ২৩:০২

বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭-এর সম্মেলন চলছে ইংল্যান্ডের কর্নওয়ালের কারবিস বেতে। বিশ্বনেতাদের সম্মানে শুক্রবার একটি নৈশভোজের আয়োজন করেন রানি দ্বিতীয় এলিজাবেথ। স্বামী প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এই প্রথম প্রকাশ্যে এত বড় অনুষ্ঠানে যোগ দিলেন রানি। তার সঙ্গে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস ও তার স্ত্রী ক্যামিলা, নাতি প্রিন্স উইলিয়াম ও তার স্ত্রী কেট মিডলটন। খবর ডেইলি মেইলের

রানির ইডেন প্রজেক্ট সম্মেলনস্থলের কাছেই। নৈশভোজে অন্য নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার স্ত্রী জিলকেও স্বাগত জানান রানি। প্রেসিডেন্ট হওয়ার পর বাইডেন এই প্রথম রানির সঙ্গে সাক্ষাত্ করলেন। তিন দিনের সম্মেলন শেষে আজ রবিবার রানির সঙ্গে তার উইন্ডসর প্রাসাদে চা-চক্রেও যোগ দেবেন বাইডেন ও জিল। ৬৯ বছরের শাসনামলে রানি এলিজাবেথ যুক্তরাষ্ট্রের ১৩তম প্রেসিডেন্ট বাইডেনকে স্বাগত জানানোর সুযোগ পেলেন। অনুষ্ঠানে বিশ্বনেতাদের সঙ্গে যখন ছবি তুলছিলেন, তখন রানি প্রশ্ন করেন, ‘আপনারা সময়টা উপভোগ করছেন ছবিতে এমন ভাব প্রকাশ করা ঠিক হবে?’ তার এমন প্রশ্নে অনেক নেতাই হেঁসে ফেলেন। ৯৫ বছর বয়সি রানির প্রশ্নের জবাবে কেউ তেমন কথা না বললেও ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেন, ‘মুখচ্ছবিতে প্রকাশ না পেলেও আমরা আসলে নিজেরা সময়টা উপভোগই করছি।’ নৈশভোজের অভ্যর্থনায় স্বাগত বক্তব্য রাখেন প্রিন্স চার্লস। তিনি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় তার নেওয়া পদক্ষেপগুলো সম্পর্কে নেতাদের অবহিত করেন।