টেকনাফে নাফ নদীতে ভাসমান অবস্থায় তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক নারী ও দুই শিশু রয়েছে। গতকাল শনিবার টেকনাফ মডেল থানা ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির বিশেষ দল হ্নীলা মৌলভীবাজার সীমান্ত পয়েন্ট হতে বেড়িবাঁধের কিনারা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়। তারা হলেন, কুতুপালং ক্যাম্পের আব্দুস সালামের মেয়ে সমজিদা (৩৫) এবং ছয় বছর ও দুই বছরের দুই মেয়েশিশু। মৃতদেহের সঙ্গে রোহিঙ্গা ক্যাম্পের নিবন্ধন কার্ড পাওয়ায় তাদের রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে। এরপর সুরতহাল রিপোর্ট তৈরির পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান, গত ৩ বছরের অধিক সময় নাফ নদীতে মাছ শিকার ও যে কোনো ধরনের নৌকা চলাচল বন্ধ থাকার পরেও কীভাবে এসব মৃতদেহ আসে? তা খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, টেকনাফের নাফ নদী হতে ভাসমান অবস্থায় এক নারী ও দুই শিশুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
০০০
