সংবাদ সংক্ষেপ

আপডেট : ১৩ জুন ২০২১, ২০:৫৭

কটিয়াদীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীর পৌরসদরের পশ্চিমপাড়া গ্রাম থেকে স্মৃতি আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে স্মৃতি আক্তারের বাবা বাচ্চু মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। স্মৃতি আক্তার পশ্চিমপাড়ার বাচ্চু মিয়ার মেয়ে ও গছিহাটা গ্রামের আনোয়ারের স্ত্রী। পারিবারিক সূত্র জানায়, শনিবার রাতে স্বামীসহ তার বাপের বাড়িতে আসে স্মৃতি। ভোরে স্মৃতির মা তাছলিমা ঘরের দরজা খোলা দেখে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে মেয়েকে ঝুলে থাকতে দেখেন। এ সময় মেয়ের জামাই আনোয়ার ঘরে ছিল না। তাছলিমা বেগমের অভিযোগ, তার মেয়েকে জামাই হত্যা করে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রেখে রাতেই পালিয়েছে। কটিয়াদী থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুর্যোগ বিষয়ক কর্মশালা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে রবিবার দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী-২০১৯ অবহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন বিদ্যালয় সভাকক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসন আয়োজিত এ কর্মশালা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান। ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুকনুজ্জামান শিমু, নির্বাহী কর্মকর্তা নুর আহমেদ মাছুম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার প্রমুখ।

সোনালু ও গুয়ে বাবলার চারা রোপণ

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও ভেড়ামারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রবিবার বিলুপ্তপ্রায় ভেষজ গাছ সোনালু ও গুয়ে বাবলা গাছের চারা রোপণ করা হয়েছে। এসব চারা রোপণ করেন ভেড়ামারা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মাহাবুব আলম বিশ্বাস। স্কুল দুটিতে চারা রোপণকালে উপস্থিত ছিলেন ভেড়ামারা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, শিক্ষক হাসানুজ্জামান টফি প্রমুখ।