বরিসকে হাতে তৈরি সাইকেল উপহার দিলেন বাইডেন

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:১৫

ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে একটি হাতে তৈরি বাইসাইকেল উপহার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জি-৭ সম্মেলনে যোগ দেওয়ার আগে গত শুক্রবার বরিসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এই সাইকেলটি উপহার দেন বাইডেন। বরিস জনসনের জন্য এটি বিশেষভাবে অর্ডার দিয়ে তৈরি করান বাইডেন। সাইকেলটির সঙ্গে ম্যাচিং করা একটি হেলমেটও রয়েছে। খবর বিবিসির

ফিলাডেলফিয়ার একটি ছোট ফার্মে সাইকেলটি তৈরি করা হয়েছে। এর রঙ লাল, সাদা এবং নীল। সম্পূর্ণ হাতে বানাতে অনেক সময় লাগলেও এই সাইকেলটি খুব দ্রু তৈরি করা হয়েছে। এমনিতে জনসন সাইকেল খুব ভালোবাসেন। প্রায়ই লন্ডনের রাস্তায় তাকে সাইকেল চালাতে দেখা যায়। জানা গেছে, গত ২৩ মে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট সাইকেলটির অর্ডার দিতে ওই ফার্মের সঙ্গে যোগাযোগ করে। সেখানে মাত্র চারজন কর্মী কাজ করেন। বাইডেনের বিশেষ আগ্রহেই অত্যন্ত অল্প সময়ে সাইকেলটি তৈরি করা হয়। বরিস জনসনও বাইডেনকে উপহার দেন। বাইডেনকে দেওয়া হয় দাসবিরোধী যুক্তরাষ্ট্রের কর্মী ফ্রেডেরিক ডগলাসের একটি আবক্ষ মূর্তি।