তলোয়ার দিয়ে জন্মদিনের কেক কাটলেন রানি

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:১৫

চমক দিলেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। যুক্তরাজ্যের কর্নওয়ালের ইডেন প্রজেক্টে ‘দ্য বিগ লাঞ্চ’ উত্সবে বিশাল কেক উপস্থাপন করা হয় রানির সামনে। এরপর রানি ছুরির পরিবর্তে তলোয়ার দিয়েই কেক কেটেছেন। খবর ডেইলি মেইল ও রয়টার্সের

প্রিন্স অব ওয়েলস অ্যান্ড ডাচেস অব কর্নওয়ালের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক ভিডিওতে রানিকে শনিবারের ওই অনুষ্ঠানে উপস্থিত অন্যদের সঙ্গে কথাবার্তা বলতেও দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, কর্নওয়ালের লর্ড লেফটেন্যান্ট অ্যাডওয়ার্ড বলিথো রানি দ্বিতীয় এলিজাবেথের হাতে একটি তলোয়ার তুলে দেন। সেই তলোয়ার দিয়ে কেক কাটেন রানি এলিজাবেথ। তলোয়ার দিয়ে কেক কাটতে গিয়ে কেউ একজন ছুরির কথা বললে রানি এলিজাবেথের জবাব, এটা একটু বেশি অস্বাভাবিক। তখন রসবোধে হেসে ওঠেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাচেস অব কর্নওয়াল ক্যামিলা এবং ডাচেস অব কেমব্রিজ কেট উইলিয়াম। ১১ জুন ওই অনুষ্ঠানে স্বামী ফিলিপসের মৃত্যুর পর দ্বিতীয়বার জনসম্মুখে আসলেন রানি এলিজাবেথ। শনিবার রানি উইন্ডসর প্রাসাদে তার আনুষ্ঠানিক জন্মদিন উপলক্ষে আয়োজিত এক সামরিক অনুষ্ঠানও উপভোগ করেন। ২১ এপ্রিল তার সত্যিকারের জন্মদিন হলেও প্রতিবছর জুনের দ্বিতীয় শনিবার তার আনুষ্ঠানিক জন্মদিন উদযাপিত হয়।