কক্সবাজারে হাংরিনাকি ডটকম-এর কার্যক্রম শুরু

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৭

 

 

খাদ্যপণ্য ডেলিভারির ই-কমার্স সেবা প্রতিষ্ঠান হাংরিনাকি ডটকম লি. সম্প্রতি পর্যটন নগরী কক্সবাজারে তাদের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করছে। এই কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে আগামী মাস থেকে। প্রতিষ্ঠানটি প্রাথমিক অবস্থায় কক্সবাজার ও উখিয়া উপজেলায় সকাল ৮টা থেকে রাত ১টা পর্যন্ত ডেলিভারি সেবা দেবে । সেবা গ্রহণের জন্যে গ্রাহক www.hungrynaki.com ওয়েবসাইট ব্রাউজ করে কিংবা প্লেস্টোর বা অ্যাপস্টোর থেকে HungryNaki অ্যাপ ডাউনলোড করে পছন্দের খাবার অর্ডার করতে পারবেন।

এ বিষয়ে হাংরিনাকি ডটকম লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও এডি আহমাদ বলেন, ‘খাদ্যমান বজায় রেখে গ্রাহকের দোরগোড়ায় দ্রুত ও মানসম্পন্ন ডেলিভারি সেবা প্রদানের পাশাপাশি আমরা এমন সার্ভিস দিতে চেষ্টা করি, যা তাদের জীবনযাত্রায় বাড়তি সুবিধা ও স্বাচ্ছন্দ্য যোগ করতে পারে। কক্সবাজারে ফুড ডেলিভারি সার্ভিসের মাধ্যমে আমরা অত্র এলাকার স্থানীয় বাসিন্দা ছাড়াও পর্যটকদের জন্যেও তাদের পছন্দের খাবার উপভোগের একটি অভিনব সুযোগ করে দিতে পেরে আমরা আনন্দিত।’

প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম চালু করে ২০১৩ সালে। কক্সবাজারে সেবাদানের মধ্য দিয়ে দেশের পাঁচটি মেগা সিটিতে তাদের সেবার পরিধি বৃদ্ধি করতে সক্ষম হয়েছে ইতোমধ্যে। গ্রাহকের পছন্দের খাবার ডেলিভারির লক্ষ্যে কক্সবাজারে জনপ্রিয় সব রেস্টুরেন্টসহ সারাদেশে ক্রমবর্ধমান দেড় হাজারেরও অধিক সহযোগী রেস্তোরাঁ রয়েছে হাংরিনাকি’র। চলতি বছরেই এই সংখ্যা ২৫০০ ছাড়িয়ে যাবে বলে দাবি করছেন হাংরিনাকি ডটকম কর্তৃপক্ষ।