মহাকাশ যাত্রায় আমাজন প্রধানের সঙ্গী হতে ২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় (ডলার বিনিময় ৮৫ টাকা হারে) প্রায় ২৩৮ কোটি টাকা দর হেঁকে সর্বোচ্চ দরদাতা হয়েছেন এক রহস্যময় ব্যক্তি। এই অর্থ ব্যয় করে নাম প্রকাশে অনিচ্ছুক এই ব্যক্তিই হতে যাচ্ছেন মাত্র দশ মিনিটের মহাকাশ যাত্রায় জেফ বেজোসের সফরসঙ্গী। খবর বিবিসির
বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার এই নিলামের আয়োজন করে। কোম্পানিটি একটি টুইট বার্তায় জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিলামে বিজয়ী এই ব্যক্তির নাম প্রকাশ করা হবে। ১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন। এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, বেজোসের ভাই মার্ক এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক। প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নীচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়। এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশনকে দেওয়া হবে বলে এক টুইটার বার্তায় জানানো হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসাওে, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে। গত সপ্তাহে ইন্সটাগ্রামে পোস্টে তিনি লিখেছেন, ‘২০ জুলাই আমার ভাইয়ের সঙ্গে আমি এই যাত্রা শুরু করবো।’
