বঙ্গবন্ধু সেতুতে বাসের সঙ্গে সংঘর্ষে লরিতে আগুন, দুই জনের মৃত্যু

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:১৯

বঙ্গবন্ধু সেতুতে বাসের সঙ্গে সংঘর্ষে লরিতে আগুন লেগে দগ্ধ দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো সাত জন আহত হয়েছেন। পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত আরো চার। শনিবার সন্ধ্যায় ও গতকাল রবিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ :বঙ্গবন্ধু সেতুতে বাসের সঙ্গে সংঘর্ষে লরিতে আগুন লেগে দগ্ধ দুই জনের মৃত্যু, আহত হয়েছেন সাত জন। এ সময় লরিতে আগুন লেগে যান চলাচল বন্ধ হয়ে সেতুর দুই পাশেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। নিহতরা হলেন নীলফামারী জেলার ডিমলা থানার মজনু (৩৩) ও একই উপজেলার রমজান আলীর ছেলে নজরুল ইসলাম (৩৪)। গতকাল রবিবার বঙ্গবন্ধু সেতুর ১৯ নম্বর পিলারের কাছে উত্তরবঙ্গগামী লেনে এ দুর্ঘটনা  ঘটে। লরিতে থাকা দুই জন আরোহী আগুনে পুড়ে ঘটনাস্থলে নিহত হন।

ভাণ্ডারিয়া (পিরোজপুর) : ভাণ্ডারিয়ায় ইকড়ি-তেলিখালী সড়কে গতকাল ভ্যান উলটে গিয়ে নাসির হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় ভ্যানচালক গুরুতর আহত হন। নাসির উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের  বাসিন্দা।

চাটমোহর (পাবনা) : চাটমোহরে সিএনজিচালিত থ্রি হুইলার-বাইসাইকেলের সংঘর্ষে বাইসাইকেল চালক মজিবর রহমান মুন্সি (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। আহত হয়েছেন চাটমোহর উপজেলা প্রশাসনের পাঁচ কর্মকর্তা-কর্মচারী। মুন্সি উপজেলার হরিপুর ইউনিয়নের মস্তালীপুর গ্রামের বাসিন্দা।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) : বাসের ধাক্কায় মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার কাঁচপুরে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। মোহাম্মদ আলী সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের বটতলা সোনাপুর এলাকার বাসিন্দা।

বড়াইগ্রাম (নাটোর) : বড়াইগ্রামে অটো রাইসমিলে কর্মরত স্বামীকে খাবার দিয়ে বাড়ি ফেরার পথে বালুবোঝাই ড্রাম ট্রাকের চাপায় হাসনা বেগম (৪৪) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার গড়মাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালককে আটক করা হয়েছে।

পৌর প্যানেল মেয়র গুরুতর আহত

ছাগলনাইয়া (ফেনী) : পৌরসভার প্যানেল মেয়র ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মুন্সি নুর হোসেন (৪৫) এক পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। শনিবার সন্ধ্যায় মোকামিয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।