উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী

বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাঙ্ক পরানো হয়েছে

আপডেট : ১৩ জুন ২০২১, ২২:২৩

নবনিযুক্ত বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নানকে এয়ার মার্শাল র্যাংক পরানো হয়েছে। গতকাল রবিবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নবনিযুক্ত বিমান বাহিনী প্রধানকে এয়ার মার্শাল র্যাংক পরানো হয়। তাকে এয়ার মার্শাল র্যাংক ব্যাজ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল ও বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।  র্যাংক পরিধানের পর বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার অফিশিয়াল কর্মকাণ্ড শুরু করেন। বিমান বাহিনী প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ শেষে বিমান বাহিনী সদর দপ্তরে এসে পৌঁছলে বিমান বাহিনীর একটি চৌকশ কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। এছাড়া তিনি বিমান বাহিনী সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন। উল্লেখ্য, গত ১২ জুন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল শেখ আব্দুল হান্নান সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের কাছ থেকে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।