বিসিবির গুরুত্বপূর্ণ বোর্ড সভা আজ

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৪৪

  স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের ১০ম সভা আজ অনুষ্ঠিত হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বিকাল ৩টায় শুরু হবে পরিচালকদের সভা। প্রায় পাঁচ মাস পর বোর্ড সভায় বসবেন পরিচালকরা। সর্বশেষ গত ২৮ জানুয়ারি ভার্চুয়ালি সভা হয়েছিল পরিচালকদের সভা। আজ অবশ্য সশরীরে বোর্ড সভায় অংশ নিবেন পরিচালকরা।

এজেন্ডায় গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় থাকায় আজকের বোর্ড সভায় চোখ থাকবে অনেকের। আগামী সেপ্টেম্বরে শেষ হয়ে আসছে বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ। তাই বার্ষিক সভার (এজিএম) দিনক্ষণ ঠিক করার বিষয়টি সভায় আলোচনা হবে। পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের কাজ বারবারই করোনার কারণে বাধাগ্রস্ত হয়েছে। সভায় ঠাঁই পাবে স্টেডিয়াম নির্মাণের বিষয়টি।

চলমান ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে আম্পায়ারিং বিতর্ক বড় গুরুত্ব পাবে বোর্ড সভায়। এরই মধ্যে বিসিবি সভাপতি পাঁচ সদস্যের কমিটি করে দিয়েছেন বিষয়টি খতিয়ে দেখতে। গত ১১ জুন আবাহনী-মোহামেডান ম্যাচে সাকিব আল হাসান দুইবার স্টাম্প ভেঙে ফেলায় আম্পায়ারিং বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে আবারও। আন্তর্জাতিক গণমাধ্যমে শিরোনামের কারণে এর গুরুত্ব বেড়ে গেছে অনেক।

জাতীয় দলের ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিও বোর্ড সভায় গুরুত্ব পাবে। আজই চূড়ান্ত হবে চলতি বছরের কেন্দ্রীয় চুক্তির তালিকা। জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে আগস্টে। তার সঙ্গে চুক্তি নবায়ন বিষয়টি আলোচনা হতে পারে। এছাড়া নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশারের চুক্তির মেয়াদ টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর আলোচনাও হওয়ার কথা রয়েছে।

আইসিসি সম্প্রতি ঘোষণা করেছে ২০২৩-২০৩১ সালের মধ্যে বৈশ্বিক টুর্নামেন্টগুলোর আয়োজক ঠিক করা হবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে। আগামী সেপ্টেম্বরেই আয়োজক চূড়ান্ত করবে আইসিসি।

এই সময়কালে বিসিবি কোনো টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির কাছে আবেদন করবে কি না, তা আলোচনা হবে বোর্ড সভায়। গুঞ্জন আছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ এককভাবে আয়োজনের চেষ্টা চালাবে বিসিবি। যার সিদ্ধান্ত হতে পারে আজকের বোর্ড সভায়। এছাড়াও রুটিন আলোচনা, আর্থিক হিসাব অনুমোদন পাবে।