বরগুনা (উত্তর) প্রতিনিধি
পাথরঘাটায় বালুবোঝাই পিকআপসহ একটি ব্রিজ ভেঙে খালে পড়ে যাওয়ায় চার গ্রামের মানুষের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। উপজেলার চরদুয়ানী ইউনিয়নের মধ্য মঠেরখাল গ্রামের মীরবাড়ি সংলগ্ন খালের ওপর লোহার পিলারের ওপর আরসিসি ঢালাইয়ের স্লাব দ্বারা নির্মিত ব্রিজটি শনিবার দুপুরে বালুবোঝাই পিকআপসহ ভেঙে খালে পড়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, এলজিইডি‘র আওতাধীন ব্রিজটির দক্ষিণ মাথার একটি অংশ সম্পূর্ণ ধসে পড়ে যাওয়ায় টেংরা ও মঠেরখালসহ তিন-চারটি গ্রামের মধ্যে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভাঙা অংশে একটি গাছ দিয়ে পারাপার হচ্ছে স্থানীয়রা। ঐ গ্রামের বাসিন্দা মো. হাফিজুর রহমান হাফিজ বলেন, দুদিন আগে বালুবাহী একটি পিকআপ পার হওয়ার সময় ব্রিজটির দক্ষিণ অংশ ধসে পড়ে। বর্তমানে একটি মাত্র গাছের সাঁকো দিয়ে পার হতে হচ্ছে পথচারীদের। চরদুয়ানী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কবির হোসেন মোল্লা বলেন, আমরা এ দুর্ভোগের কথা উপজেলা চেয়ারম্যানকে জানিয়েছি। আপাতত কাঠের তক্তা দিয়ে বিকল্প চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বিষয়টি জেনেছি। অবিলম্বে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
