কপোতাক্ষের পাড়ের বাবলা বাগানে মোবাইল ফোন নিয়ে তরুণদের ভিড়!

আপডেট : ১৪ জুন ২০২১, ২০:৫৪

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা

তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের কপোতাক্ষ নদীর পাড়স্থ বেড়িবাঁধের ওপর বাবলা গাছের পাশে কমপক্ষে ২০ জন তরুণ। সবার হাতে মোবাইল ফোন। সবাই মোবাইল নিয়ে নিয়ে ব্যস্ত, একজন আর একজনের গলা জড়িয়ে, কেউ দাঁড়িয়ে, কেউ বসে রয়েছেন। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই সময়টা এভাবেই কাটছে ওদের। বেশ দূরে বাবলা বাগানের ভেতরও এভাবে গলা জড়ানো অবস্থায় দুই জনকে দেখা গেল। নাম প্রকাশ না করার শর্তে একজন সংবাদকর্মী জানিয়েছেন, ‘বর্তমানে তরুণ প্রজন্মের বেশির ভাগ ঝুঁকছে অনলাইন ভিত্তিক গেম- অনলাইন ফ্রি ফায়ার, পাবজির দিকে। ফলে একদিকে যেমন তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, অন্যদিকে তাদের মানসিক বিপর্যয় দেখা দিচ্ছে। পাবজি ফ্রি ফায়ার মূলত একটি অনলাইন ভিত্তিক গেম। এই গেমের প্রতি ধীরে ধীরে তালা উপজেলার তরুণ প্রজন্ম আসক্ত হয়ে পড়ছে। এর ফলে ছেলেমেয়ে অলস হয়ে যাচ্ছে, ভুগছে বিষণ্নতায়। এই গেমের খরচ জোগাড় করতে অনেক সময় তারা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কপোতাক্ষ নদীর পাড়, তালা সরকারি কলেজের মাঠে, তালা বাজার, পাটকেলঘাটা বাজার, খলিষখালী, কাশিয়াডাঙ্গা, ইসলামকাটি বাজারসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে এই গেমের প্রতি আসক্তি আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে। তাই প্রশাসনের কাছে তার দাবি অতি দ্রুতই এই দুইটি গেমসহ সব ধরনের অপসংস্কৃতিমূলক আ্যাাপস- টিকটক, লাইকি ভিগো যেন বন্ধ করে দেওয়া হয়।’ তালা থানার ওসি মো. মেহেদি রাসেল বলেন, ‘এ ব্যাপারে কঠোরভাবে পদক্ষেপ নেব। অভিভাবকরাও যাতে এ বিষয়ে সতর্ক থাকেন।’ তালা উপজেলার ইউএনও তারিফ-উল-হাসান বলেন, ‘বিষয়টি তেমন জানা নেই। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেব।’