পাকশীতে রেল কর্মচারীদের বিক্ষোভ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
রেলওয়ের রানিং কর্মচারী ট্রেন চালক, পরিচালক, টিটিই ট্রেন অপারেশনের সঙ্গে সম্পৃক্তরা রানিং ভাতার (মাইলেজ) দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে। পশ্চিমাঞ্চল রেলের পাকশী বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ রেলওয়ের ট্রেনচালক লোকোমাস্টারদের সংগঠন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি আয়োজিত বিক্ষোভে রানিং ভাতা বন্ধ করে দেওয়ায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। পাকশীতে বিক্ষোভ মিছিল শেষে সম্মিলিত সমাবেশে রেলওয়ের রানিং স্টাফরা জানান, যে কোনো মুহূর্তে ট্রেন চলাচল বন্ধ হতে পারে।
সমাবেশ শেষে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শহিদুল ইসলামের নিকট স্বারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক রবিউল ইসলাম, রাজবাড়ী শাখার সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজশাহী শাখার সভাপতি মোহাম্মদ আসাদসহ পশ্চিমাঞ্চল রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির সব সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
