সৌদিতে টিকা না নিলে শপিং মলে প্রবেশ নিষিদ্ধ হচ্ছে

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:০১

করোনা ভাইরাসের ভ্যাকসিন এখনো যারা নেননি, তারা সৌদি আরবের শপিং মলসহ কোনো বাণিজ্যিক পণ্য বিক্রয়ের স্থলে প্রবেশ করতে পারবেন না। আগামী ১ আগস্ট থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল রাহমান আল হুসেইন রবিবার এ তথ্য জানিয়েছেন।  খবর গালফ নিউজের

আল হুসেইন বলেন, যারা করোনা ভাইরাসের ভ্যাকসিনের অন্তত একটি ডোজ নিয়েছেন, তারা শপিং মলে প্রবেশ করতে পারবেন। শুধু শপিং মলই নয়, এই নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে অন্য প্রায় সব ক্ষেত্রে। ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরাই অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক, বিনোদনমূলক ও খেলাধুলার কার্যক্রমে অংশ নিতে পারবেন। কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যবসা অথবা অন্য কাজে প্রবেশের ক্ষেত্রেও শুধু ভ্যাকসিন গ্রহণকারীরাই অনুমতি পাবেন। এছাড়া সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এবং গণপরিবহনের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। ৪৮ দিন পর কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সৌদির জনগণকে ভ্যাকসিন নিতে উত্সাহিত করার জন্য। এছাড়া এর মাধ্যমে করোনার সংক্রমণ রোধও সম্ভব হবে বলে আশা প্রকাশ করছে কর্তৃপক্ষ।