সাভারে হোতা গ্রেফতার
ইত্তেফাক রিপোর্ট
সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের রায়হান (১৮) ও নাজমুল (১৯) নামে খালাতো দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি নিহত রায়হানের আপন ফুফাতো ভাই শাহজালালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল দুপুরে তাকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে রবিউল নামে আরো এক যুবক। তাকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত শাহজালাল আগে রায়হানদের বাসায় থাকত এবং সে সময়ে পারিবারিক বিভিন্ন কারণে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে শাহজালাল রায়হানের বাসা থেকে অন্যত্র চলে আসে এবং ক্ষুব্ধ হয়ে রায়হানকে হত্যার পরিকল্পনা করে। সেই অনুযায়ী শাহজালাল তার সহকর্মী রবিউলকে সঙ্গে নিয়ে পূর্ব পরিকল্পনা মাফিক রায়হানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এ সময় রায়হানদের বাসায় বেড়াতে আসা খালাতো ভাই নাজমুলও তাদের সঙ্গে গেলে প্রথমে তাদের নেশাজাতীয় খাবার খাওয়ানো হয়। পরবর্তী সময় তাদের বাসা থেকে এক কিলোমিটার দূরে পাট ও ধইঞ্চা খেতে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম বলেন, দুই ভাইকে হত্যাকাণ্ডের ঘটনাটি অধিক গুরুত্ব দিয়ে তদন্তে নামে পুলিশ। টানা ৪৬ ঘণ্টার অভিযানে মূল হত্যাকারী শাহজালালকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় তার সহযোগী অন্য হত্যাকারী রবিউলও পুলিশের নজরদারিতে রয়েছে। যে কোনো সময় তাকে গ্রেফতার করা হবে।
গতকাল দুপুরে সাভার মডেল থানায় সাংবাদিকদের হত্যাকাণ্ডের বিষয়ে ব্রিফিং করেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফি। তিনি বলেন, পারিবারিক বিরোধের জের ধরেই সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুরিয়া এলাকায় দুই ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এদের মধ্যে নিহত রায়হানের আপন ফুফাতো ভাই হলো হত্যাকারী শাহজালাল।
উল্লেখ্য, গত শুক্রবার সকালে স্থানীয় কৃষকদের মাধ্যমে খবর পেয়ে সাভারের ভাকুর্তা ইউনিয়নের হারুলিয়া গ্রামের পাট ও ধইঞ্চা খেতের মধ্যে ২০ গজ দূরত্ব থেকে দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত রায়হানের মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে। পরে তাদের জিজ্ঞাবাসাদে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন হলে মূল আসামি শাহজালালকে গ্রেফতার করে পুলিশ। নিহতরা হলো বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার শেওড়া উত্তর পাড়া গ্রামের রতন মিয়ার ছেলে রায়হান ও একই জেলা ও থানা এলাকার পশ্চিম শেওড়া গ্রামের নেছার উদ্দিনের ছেলে নাজমুল। তারা দুই জন এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
