পঞ্চগড় জেলার দেবীগঞ্জে ইনুরা বেগম (৩০) নামে এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। ওই গৃহবধূর স্বামী আব্দুল কালাম তাকে হত্যা করেছে বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে। শনিবার দুপুরে জেলার দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের নতুনবন্দর বেকপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। পারিবারিক বিবাদের ঘটনায় এ হত্যাকাণ্ডটি ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। ঘটনার পরই ওই গৃহবধূর স্বামী আব্দুল কালাম পালিয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়নের নতুনবন্দর বেকপাড়া এলাকার ইনতাজ আলীর কন্যা ইনুরা বেগমের সঙ্গে একই এলাকার ফরহাদ মুন্সির পুত্র আব্দুল কালামের সঙ্গে বিয়ে হয়। আব্দুল কালাম ও ইনুরা দম্পতির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। পারিবারিক বিবাদের জের ধরে ইনুরা গত ৩০-৩৫ দিন বাবার বাড়িতে ছিলেন।
শনিবার দুপুরে আব্দুল কালাম শ্বশুরবাড়ি এসে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুঁচিয়ে হত্যা করে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে আব্দুল কালাম পালিয়ে যায়। এলাকাবাসী গৃহবধূকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে দেবীগঞ্জ থানার একদল পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল হাসান সরকার বলেন, সুরতহাল রিপোর্ট শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/নূহু
