ইসরাইলি পার্লামেন্ট নেসেটে জোট সরকার গড়ার অনুমোদনের পরপরই মন্ত্রিসভার বৈঠক করেছেন নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। ইসরাইলিদের মধ্যে যে ভাঙন দেখা দিয়েছে তা সারিয়ে তোলার অঙ্গীকার করে বেনেট বলেন, আমরাই নতুন দিনের সারথী। ইসরাইলি নাগরিকরা আমাদের যেভাবে দেখতে চান আমরা সেটাই বাস্তবায়ন করব। ইসরায়েলিদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনাই নতুন সরকারের লক্ষ্য। এদিকে নেতানিয়াহু নতুন সরকারকে উত্খাতের হুমকি দিয়েছেন। যদিও এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্ব নেতারা অভিনন্দন জানিয়েছেন। খবর রয়টার্স ও আলজাজিরার
সদ্য ক্ষমতা হারানো প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পতনের খবরে তেল আবিবের রাস্তায় এভাবেই উল্লাসে মেতে ওঠেন হাজার হাজার ইসরাইলি। ইসরাইলের জাতীয় পতাকা হাতে নেচে গেচে বিজয় উদযাপন করেন তারা। করোনা মাহামারি নিয়ন্ত্রণে ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগে গত এক বছর ধরে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে আসছিলেন সাধারণ মানুষ। নেতানিয়াহুর এ পতন নিজেদের বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন আন্দোলনকারীরা।
এর আগে রবিবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র এক ভোটের ব্যবধানে জোট সরকারের অনুমোদন পান নাফতালি বেনেত। এর মধ্য দিয়ে অবসান ঘটে নেতানিয়াহুর টানা এক যুগ শাসনের। তিন মেয়াদে বিভিন্ন সময় নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্যাতন চালানো নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে সম্প্রতি জোট বাঁধে একেবারেই বিপরীত আদর্শের বাম, ডান ও মধ্যপন্থি দলগুলো। ক্ষমতা ভাগাভাগি করার শর্তে আরব দলের সঙ্গেও আপোস করেন নেতানিয়াহুর একসময়ের শিষ্য ও নতুন প্রধানমন্ত্রী ইয়ামিনা দলের নাফতালি বেনেট।
তবে প্রধানমন্ত্রী থেকে বিরোধী দলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাওয়া নেতানিয়াহু আবারো ক্ষমতায় আসার অঙ্গীকার করেছেন। তিনি নতুন সরকারকে ক্ষমতাচ্যুত করারও হুমকি দিয়েছেন। নেতানিয়াহু বলেন, আমাদের লিকুদ পার্টি আবারো ক্ষমতায় আসবে। যারা ডানপন্থি দলের জন্য ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ। নতুন সরকার ইসরাইলের নিরাপত্তার জন্য চরম হুমকি। এর মধ্যেই ক্ষমতা হারানোয় নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আবারো সুষ্ঠুভাবে তদন্তের দাবি উঠেছে।
বিশ্ব নেতাদের অভিনন্দন
জো বাইডেন এক বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো বন্ধু ইসরাইলের নেই। আমি দুই দেশের ঘনিষ্ঠ ও স্থায়ী সম্পর্ক সবদিক থেকে জোরদার করতে প্রধানমন্ত্রী বেনেটের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি। বাইডেন বলেন, ইসরাইলের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা অটল থাকবে। উন্নত নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ইসরাইলি, ফিলিস্তিনি ও এই বৃহত্তর অঞ্চলের জনগণের শান্তি নিশ্চিতে ইসরাইলের নতুন সরকারের প্রতি আমার প্রশাসন পুরোপুরি অঙ্গীকারাবদ্ধ। গতকার সোমবার এক টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেনেটকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর পূরণ হচ্ছে। এমন মুহূর্তে আমি আপনার (বেনেট) সঙ্গে দেখা করতে এবং আমাদের দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরো গভীর করার প্রত্যাশায় রয়েছি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তিনি ইসরাইলি নেতা বেনেট ও জায়ের ল্যাপিডের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছেন। এছাড়া জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অনেকেই বেনেটকে অভিনন্দন জানান এবং একসঙ্গে কাজ করার কথা বলেন।
