বঙ্গভঙ্গের পরিকল্পনা বিজেপির!

আপডেট : ১৪ জুন ২০২১, ২১:৫৬

 ‘বিজেপি পশ্চিমবঙ্গকে ভাগের পরিকল্পনা করছে। আমরা এটা করতে দেব না। পশ্চিমবঙ্গ ভাগ হতে দেব না। মানুষ শান্তিতে আছে বলেই বিজেপির এত হিংসে।’ গতকাল সোমবার পশ্চিমবঙ্গের প্রশাসনিক ভবন নবান্নে একথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, ‘মানুষ পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাওয়ার উপযুক্ত জবাব দেবে।’

বিধানসভা নির্বাচনের পর থেকেই বিজেপি পশ্চিমবঙ্গে হিংসার ঘটনা নিয়ে সরব। অভিযোগ তোলে বাংলাদেশ, নেপালসহ একাধিক দেশ থেকে উত্তরবঙ্গে ঢুকছে দুষ্কৃতরা। রোহিঙ্গারাও উত্তরবঙ্গের জেলাগুলোকে ‘সেফ প্যাসেজ’ হিসেবে ব্যবহার করছে। সেই কারণেই বিজেপির এমপিরা পশ্চিমবঙ্গের উত্তরের জেলা নিয়ে গঠিত উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গণ্য করার দাবি তুলছেন। সূত্রের খবর, জলপাইগুঁড়িতে বিজেপির একটি দলীয় বৈঠকে এই দাবি তোলা হয়েছে। মমতা বলেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চল করা মানে কী? দিল্লির পায়ে পড়তে হবে? জম্মু                 কাশ্মীরের মতো মুখ বন্ধ করে রাখতে হবে? এসব করা এত সহজ নয়। এর জন্য রাজ্যের অনুমতি লাগে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ আলাদা করা যাবে না। পশ্চিমবঙ্গের মধ্যেই সব থাকবে। উত্তরবঙ্গকে ওরা কেন্দ্রশাসিত অঞ্চল করতে চায়। বিজেপি মানুষকে পরাধীন করতে চায়। আমরা হতে দেব না।’