দলের সিদ্ধান্তের বাইরে সিলেটে নির্বাচন করবেন বিএনপি নেতা শফি

আপডেট : ১৪ জুন ২০২১, ২২:১৬

বিএনপি উপনির্বাচন বর্জন করলেও সিলেট-৩ আসনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য শিল্পপতি শফি আহমদ চৌধুরী। নির্বাচনে অংশ নিতে তিনি যুক্তরাষ্ট্র থেকে গতকাল সোমবার দেশে ফিরেছেন।

সিলেটে পৌঁছে বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শফি চৌধুরী বলেন, স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি থেকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিলেও আমি নির্বাচন করব। আমার হারানোর কিছু নেই। আজ মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়নপত্র দাখিল করার কথা রয়েছে।

এদিকে ২৪ জন প্রার্থীকে পেছনে ফেলে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব। স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধূরী। আর আসন পুনরুদ্ধারে জাতীয় পার্টির প্রার্থী দলের প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিকও এলাকায় সক্রিয়। ফলে এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে।