রফতানি বাণিজ্যে শুধু পোশাকশিল্পের ওপর নির্ভর করলে হবে না

আপডেট : ১৫ জুন ২০২১, ০০:১৩

রফতানি বাণিজ্যে শুধু তৈরি পোশাকশিল্পের ওপর নির্ভর করলে হবে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, দেশের আইসিটি, লেদার, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য এবং লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরে রফতানি বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে। গতকাল সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিনের নেতৃত্বে সংগঠনের নবনির্বাচিত কমিটির ৪৫ সদস্যের একটি প্রতিনিধিদল সাক্ষাত্ করতে এলে তিনি এসব কথা বলেন ।

বাণিজ্যমন্ত্রী এলডিসি গ্র্যাজুয়েশনের চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবসায়ীদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সরকার এ চ্যালেঞ্জ মোকাবিলায় সেক্টর-ভিত্তিক সাব-কমিটি গঠন করে প্রস্তুতি নিচ্ছে। সেখানে এফবিসিসিআইয়ের প্রতিনিধি থাকবে। তিনি বলেন, সরকার বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যসুবিধা বাড়াতে এফটিএ বা পিটিএ সই করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে ব্যবসায়ী সংগঠনগুলোকে আরো তত্পর হতে হবে। বাণিজ্য সচিব তপন কান্তি  ঘোষ এ সময় উপস্থিত ছিলেন।