গাজীপুর কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিকে ইয়াবা দিতে গিয়ে যুবক গ্রেফতার

আপডেট : ১৫ জুন ২০২১, ০০:১৪

গাজীপুরে সাজাপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে ভেতরে ইয়াবা ট্যাবলেট দিতে গিয়ে এক যুবক গ্রেফতার হয়েছেন। গ্রেফতারকৃত সজীব হোসেন (৩৩) গাজীপুর মেট্রোপলিটন সদর থানার দক্ষিণ সালনা এলাকার সিদ্দিক হোসেনের ছেলে। এ ঘটনায় রবিবার রাতে গাজীপুর জেলা কারাগারের জেলার মাসুদ হোসেন জুয়েল মেট্রোপলিটন সদর থানায় একটি মামলা করেছেন। সোমবার সকালে গ্রেফতারকৃত সজীবকে আদালতে পাঠানো হয়েছে।

গাজীপুর জেলা কারাগারের সুপার মো. বজলুর রশিদ আখন্দ জানান, জনি চৌধুরী নামে এক ব্যক্তিকে চার মাস আগে গাজীপুর মেট্রোপলিটন সদর থানা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক বছরের সাজা দিয়ে গাজীপুর কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রবিবার বিকালে কারাগারের সামনে থাকা কারা ক্যানটিনে ঐ বন্দিকে কাপড় দিতে আসেন সজীব। কাপড়গুলো কারাগারের ভেতরে পাঠানোর আগে ক্যানটিনে বসেই তল্লাশি করে কারারক্ষীরা। এ সময় কাপড়ের মধ্যে রাখা মালটিভিটামিনের একটি কৌটার ভেতরে পলিথিনে মোড়ানো ১৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত সজীবকে সোমবার আদালতে পাঠানো হয়েছে।