আরপি গ্রুপের নারী পরিচালকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৫ জুন ২০২১, ০০:৩২

রাজধানীর গুলশানে একটি বহুতল ভবনের নিচে সুইমিং পুলের পাশ থেকে আরপি গ্রুপের পরিচালক ইসরাত জেবিন মিতুর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গুলশান-২ এর ৬৯ নম্বর রোডের ৯ নম্বর বাড়ির সুইমিংপুলের পাশে মিতুর লাশ পড়েছিল। মিতুর শ্বশুরপক্ষ পুলিশকে জানায়, মিতু ৯ তলা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি, আত্মহত্যা করার মতো কোনো কারণ নেই। মিতুকে হত্যার পর ভবন থেকে ফেলে আত্মহত্যা বলে প্রচারণা চালানো হচ্ছে।

মিতুর শ্বশুর একটি বৃহত্ আবাসন কোম্পানির মালিক। তার স্বামী নাঈম আহম্মেদ রাতুল আরপি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মিতুও ওই প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। মিতুর বাবা আব্দুল মতিন দেওয়ান বলেন, দুপুর দেড়টার দিকে তাদের খবর দিয়ে বলা হয়, মিতু আত্মহত্যা করেছে। রাজধানীর রায়েরবাগের বাসা থেকে গুলশানে এসে দেখেন মেয়ের নিথর দেহ পড়ে আছে। কিন্তু আত্মহত্যা করার মত কোন কারণ তিনি দেখছেন না। মিতুর বাবার দাবি, তার মেয়েকে মেরে ফেলে আত্মহত্যা বলে প্রচার করা হচ্ছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

 মিতুর মামা মো. মাসুদ বলেন, মিতুর স্বামী রাতুলের সঙ্গে তাদের পারিবারিক দ্বন্দ্ব ছিল। দুটি পরিবার অর্থনৈতিকভাবে সমান না হওয়ায় এই দ্বন্দ্ব চলছিল। মিতুর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলের বয়স পাঁচ বছর। এমন অবস্থায় কারও অন্তত আত্মহহত্যা করার কথা নয়।  

মো. মাসুদ বলেন, মিতুর শ্বশুরপক্ষ ধনাঢ্য পরিবার। তাদের নামকরা আবাসন প্রতিষ্ঠান রয়েছে। এছাড়া লা-মেরিডিয়ান হোটেলের কিছু মালিকানাও আছে এই পরিবারের। তারা প্রভাবশালী হওয়ায় ঘটনা ভিন্নখাতে নিতে পারে। গতকাল রাত পর্যন্ত রাতুলের পরিবারের কারো বক্তব্য পাওয়া যায়নি। তবে তাদের উদ্ধৃত করে পুলিশ জানিয়েছে, রাতুলের পরিবারের দাবি মনোমালিন্য থেকে মিতু লাফিয়ে পড়ে আত্মহত্যা করে। পুলিশ জানায়, ১২ তলা ভবনের ৯ তলাতে মিতু তার স্বামী ও সন্তানদের নিয়ে থাকতেন। ওই ভবনের পাশেই সুমিংপুলের সামনে তার লাশ পড়েছিল। প্রাথমিকভাবে উপর থেকে পড়ে মারা গেছেন বলে মনে হলেও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া কিছুই নিশ্চিত হওয়া যাচ্ছে না।

গুলশান থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বলেন, সোমবার দুপুরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর লাশ উদ্ধার করে। এরপর ঘটনার তদন্ত শুরু হয়েছে। রহস্য উদ্ঘাটনে মিতুর শ্বশুর বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।