বৃষ্টিদিনে ফিটনেস  

আপডেট : ১৫ জুন ২০২১, ১৬:৪৪

শরীরচর্চা নিয়ম মেনে করতে হয়। একদিন করলাম তো দুইদিন বিরতি দিলাম তাতে আশানুরূপ ফল পাওয়া যায় না। নিয়মিত ব্যায়াম আমাদের দেহের বহুবিধ উপকার করে। দেহকে সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য শরীরচর্চার কোন বিকল্প নেই। এদিকে ঋতুর পরিবর্তনে আজ থেকে শুরু হয়েছে বর্ষাকাল। এখন প্রায়ই মর্নিংওয়াকে বেরোনোর সময় ঝমঝম বৃষ্টি নামতে পারে। এভাবে কখনো কখনো সকাল গড়িয়ে দুপুরও হয়ে যেতে পারে। বর্ষাকালে এটাই স্বাভাবিক। কিন্তু তাই বলে কি ফিটনেসের বারোটা বাজানো যায়? 

যারা জিমে গিয়ে শরীরচর্চা করেন বা নানা আউটডোর এক্সারসাইজের অভ্যাস আছে, তাদের এই বর্ষা মৌসুমটাতে অসুবিধায় পরতে হয়। ছাতা মাথায় দিয়ে তো আর জগিং করা যায়না। আবার প্রায়ই পানি-কাদা পেরিয়ে জিমে যেতে হয়, তাতে এক্সারসাইজের মোটিভেশনটাই আর থাকে না। তাই এই বর্ষাকালে ফিটনেসের রুটিনটা খানিকটা অদলবদল করে নিতে পারেন।

যাদের প্রতিদিনের হাঁটার অভ্যাস। কিংবা বিভিন্ন জিম ইকুইপমেন্ট নিয়ে ব্যায়াম করেন। বাড়িতে তো এমন সেটআপ নেই। তাহলে কীভাবে ব্যায়াম শুরু করবেন তা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব হতেই পারে। তবে রয়েছে এর সমাধানও।

জিমে গেলে কোনটার পর কোন এক্সারসাইজ করবেন তার যেমন নির্দিষ্ট পরিকল্পনা থাকে তেমনি বৃষ্টির দিনগুলোতে বাড়িতে যখন শরীরচর্চা করবেন, তারও একটা পরিকল্পনা করে নিলে আপনার সুবিধাই হবে। জিমে নিশ্চয় সবার প্রথমে স্ট্রেচিং করেন তাহলে বাড়িতেও তাই দিয়ে শুরু করুন।

যে ব্যায়ামগুলো নির্ভুলভাবে করতে পারেন, সেইগুলোই করতে চেষ্টা করুন। স্ট্রেচিং মাসলের জড়তা কাটিয়ে স্ট্রেস মোকাবিলা করতেও সাহায্য করে। আরো বেশি কিছু ভাবতে চান, তাহলে করতে পারেন স্কোয়াট বা পুশ-আপ। এই ব্যায়ামগুলো দেয়ালের সাহায্য নিয়েও করা যায়। এছাড়া ক্রাঞ্চেসও করতে পারেন।

বৃষ্টির দিনগুলোতে বাড়িতে সহজ কিছু যোগ ব্যায়ামও করে নিতে পারেন। কপালভাতি, অনুলোম বিলোমের মতো ব্রিদিং এক্সারসাইজও করা যায়। অথবা স্ট্রেচিংয়ের পর খানিকটা স্পট জগিং বা সিঁড়ি দিয়ে দৌঁড়ে ওঠানামা করলেন, স্কিপিং করলেন। যারা হাঁটা ছাড়া অন্য কোনো ফিটনেস রেজিম ফলো করেন না, তারা দৌঁড়ে না হোক একটু জোর গতিতে সিঁড়ি বেয়ে ওঠানামা করতে পারেন।

অনেকদিন থেকেই যারা বাড়িতেই ছোট্ট পরিসরে জিম তৈরির কথা ভাবছেন, তার কিন্তু এই বর্ষাকালেই সে ব্যবস্থাটা করে নিতে পারেন। একটা ট্রেডমিল বা ইনডোর সাইকেল,  হালকা ওয়েট ট্রেনিং করার জন্য কিছু ডাম্বেল, কেটল বল ইত্যাদি কিনে নিতে পারেন। অন্তত এই বৃষ্টির মরশুমটাতে নিজের ফিটনেস ঠিকঠাক রাখতে পারবেন। 

ইত্তেফাক/আরএম