ইয়েমেনের রাস আল-আরাহ এর লোহিত সাগর উপকূলে সোমবার বেশ কয়েকটি মৃতদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় এক কর্মকর্তা। ধারণা করা হচ্ছে, সমুদ্রে শরণার্থীদের কোনো নৌকা হয়তো ডুবে গেছে। রয়টার্স
তিনি বলেন, ‘‘সম্ভবত আল-মোখা উপকূল থেকে ১৮ নটিক্যাল মাইল সমুদ্রের গভীরে শরণার্থীদের একটি নৌকা ডুবে গেছে।” মানব পাচারকারীরা হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে এই উপকূল দিয়ে লোকজনকে ইয়েমেনে পাচার করে। স্থানীয় বাসিন্দারা জানান, ঐদিন ভোর থেকে রাস আল-আরাহয় মৃতদেহ ভেসে আসতে শুরু করে। ইথিওপিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া এবং জিবুতির মতো হর্ন অব আফ্রিকার চরম গরিব দেশগুলো থেকে লোকজন বিপজ্জনক সমুদ্র পথ পাড়ি দিয়ে ইয়েমেন আসে। কাজের সন্ধানে তারা উপসাগরের ধনী দেশগুলোতে পৌঁছাতে চায়। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা আইওএম থেকে এক টুইটে বলা হয়, ‘‘ইয়েমেন উপকূলে হর্ন অব আফ্রিকার দেশগুলো থেকে আসা শরণার্থীদের একটি নৌকা ডুবে যাওয়ার যে খবর পাওয়া গেছে আইওএম তা যাচাই করে দেখছে। “আইওএম এর কয়েকটি দল সেখানে পৌঁছেছে এবং কেউ জীবিত থাকলে তার প্রয়োজনে যে কোনো সাহায্য করতে প্রস্তুত আছে।”
