সুপার লিগের ম্যাচ দেখাবে টি-স্পোর্টস ও গাজী টিভি

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের রাউন্ড রবীন লিগ শেষ হবে আগামীকাল। ছয় ক্লাবের সুপার লিগ শুরু হবে আগামী ১৯ জুন। দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য ভালো খবর হলো, সুপার লিগের সবগুলো ম্যাচই টিভিতে সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন টি-স্পোর্টস ও গাজী টিভি সরাসরি সম্প্রচার করবে ম্যাচগুলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামেই হবে সুপার লিগের সবকয়টি ম্যাচ।

গতকাল ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টির সুপার লিগের সবগুলো ম্যাচ যৌথভাবে টি স্পোর্টস ও গাজী টেলিভিশন সরাসরি সম্প্রচার করবে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের অংশগ্রহণে এরই মধ্যে লিগে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কয়েকটি ম্যাচ হয়েছে। আমি নিশ্চিত দর্শকরা সুপার লিগের ম্যাচ ঘরে বসে দেখে আনন্দ পাবেন। ছয়টি দল সুপার লিগে খেলবে। দিনে তিনটি করে ম্যাচ হবে। প্রত্যেকটি ম্যাচ হবে শেরেবাংলা স্টেডিয়ামে।’

আগামী ১৯, ২০, ২২, ২৩ ও ২৫ জুন সুপার লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এদিকে রাউন্ড রবীন লিগের শেষ দুই রাউন্ডের সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। আজ ও আগামীকাল ১০ম ও ১১তম রাউন্ড অনুষ্ঠিত হবে। দুই রাউন্ডেই মিরপুর স্টেডিয়ামে প্রতিদিনি তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। সকাল ৯টা, দুপুর দেড়টা ও সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। বিকেএসপির ৪ নম্বর মাঠে দুটি ও ৩ নম্বর মাঠে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে