লকডাউনেও স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:১৮

ইত্তেফাক ডেস্ক

লকাডাউনেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। এদিকে সীমান্ত ও এর বাইরের জেলাগুলোতে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

বাগেরহাট : বাগেরহাটে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় এক জনের মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কে এম হুমায়ুন কবির বলেন, বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় সংগ্রহ করা ১২৯টি নমুনা পরীক্ষায় ৫২ জনের করোনা পজিটিভ এসেছে। সবচেয়ে ঝুঁকিতে থাকা মোংলা উপজেলায় গত ২৪ ঘণ্টার ২৩ জনের নমুনা পরীক্ষায় সাত জনের পজিটিভ এসেছে। এদিকে বাগেরহাটে করোনার সংক্রমণ বাড়তে থাকায় বেশি বেশি নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে ‘হটলাইনে ফোন করি, নমুনা সংগ্রহকারী যাবে আপনার বাড়ি’ এই স্লোগানে বাগেরহাট সদর হাসপাতালে এ কার্যক্রম উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। হটলাইনের ০১৯২০-৯২২২২৯ এ নম্বরে ফোন করলে করোনা পরীক্ষার জন্য গাড়ি নিয়ে প্রস্তুত থাকা ভ্রাম্যমাণ ল্যাব টেকনিশিয়ানরা উপসর্গ থাকা রোগীর বাড়িতে গিয়ে নমুন সংগ্রহ করবে। প্রথমে বাগেরহাটে সংক্রমণের ঝুঁকিতে থাকা মোংলা, রামপাল, শরণখোলা এবং মোরেলগঞ্জ উপজেলায় এ কার্যক্রম শুরু হচ্ছে।

নোয়াখালী : জেলা সদরের চলমান কঠোর লকডাউনের মধ্যেও করোনা ভাইরাস সংক্রমণের হার অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৫৬৯ জনের নমুনা পরীক্ষায় ১৯১ জনের করোনার শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ দশমিক ৫৭ শতাংশ। মঙ্গলবার  এ তথ্য  নিশ্চিত করেন জেলার সিভিল  সার্জন  ডা. মাসুম ইফতেখার। তিনি জানান, আক্রান্তদের মধ্যে জেলা সদরে ১২৫ জন, কোম্পানীগঞ্জে ২৭ জন, বেগমগঞ্জ ২০ জন, চাটখিলে ছয় জন, সেনবাগে দুই জন, সোনাইমুড়ীতে তিন জন, কবিরহাটে সাত জন ও সুবর্ণচর উপজেলায় একজন রয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় জেলায় করোনায় মৃত্যু নেই। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১২৭ জন।

নড়াইল : করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় নড়াইল পৌরসভাসহ চারটি ইউনিয়নের কয়েকটি গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জুন থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। নড়াইল সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. শফিক তমাল জানান, গত ১ থেকে ১৩ জুন পর্যন্ত সদর উপজেলার কলোড়া, মুলিয়া, বিছালী ও সিংগাশোলপুর এ চারটি ইউনিয়নের পাশাপাশি পাঁচুড়িয়া, গোবরা, কলোড়া, মুশুড়িয়া, রাম নগরচর, আগদিয়ার চর, শিমুলিয়া, সিঙ্গাশোলপুর, বিছালী ও বীড়গ্রাম গ্রামে আক্রান্তের সংখ্যা বেড়েছে।

সাতক্ষীরা : সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৮৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৪৮ দশমিক ৯২ শতাংশ। এদিকে ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনির্টে তিন জনের মৃত্যু হয়েছে।  সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে আরো ১০০ শয্যা সংখ্যা বাড়ানো হয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতালের করোনা ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সাতক্ষীরায় দ্বিতীয় মেয়াদের লকডাউন ঢিলেঢালাভাবে পালন হচ্ছে।

তালা (সাতক্ষীরা) : তালায় লকডাউনে প্রশাসন সক্রিয় থাকলেও সাধারণ মানুষ উদাসীন। তোয়াক্কা করছে না সরকার ঘোষিত নিয়মনীতির। সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় করোনা ভাইরাস ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার জানান, করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করা হয়েছে। সর্বশেষ তথ্য মতে, ১৩ জুন সাতক্ষীরা মেডিক্যালের পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তালা উপজেলার দুই জনের পজিটিভ আসে আর ১৪ জুন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তালা উপজেলায় স্যাম্পল কালেকশন হয় মোট ১৫ জনের। এর মধ্যে পাঁচ জন পজেটিভ হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিফ-উল-হাসান জানান, বিধিনিষেধ মানাতে অনেক চেষ্টা করা হচ্ছে।

মির্জাপুর (টাঙ্গাইল) : নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে মির্জাপুরে। মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মৃদুল ও এজাজুল হক জানান, উপজেলায় এ পর্যন্ত করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭১০ জন। সুস্থ হয়েছেন ৬৮০ জন এবং মারা গেছেন ৯ জন। আক্রান্তরা আইসোলেশনে রয়েছেন। প্রতিদিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় আতঙ্কিত স্বাস্থ্য বিভাগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, ঈদের পর উপজেলায় করোনার সংক্রমণ বেড়ে গেছে।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা): দামুড়হুদায় ১৪ দিনের লকডাউনের প্রথম দিন মঙ্গলবার সীমান্তে কঠোর নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু হেনা মোহাম্মদ জামাল শুভ জানান, দামুড়হুদায় সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত দামুড়হুদা উপজেলায় নতুন ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।