বরিশাল অফিস
বরিশাল নগরীর রূপাতলীতে সড়ক সংস্কারের দাবিতে পালিত বাসদের বিক্ষোভ সমাবেশে হামলার প্রতিবাদ জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখা। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তারা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করে। বাম গণতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার উদ্যোগে সমাবেশে বক্তারা বলেন, রাস্তা সংস্কারের দাবিতে পালিত বাসদের কর্মসূচিতে সোমবার হামলার ঘটনা ঘটে। বক্তারা অবিলম্বে হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও রূপাতলী-সাগরদির সড়ক সংস্কারের দাবি জানান। জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়কারী অধ্যাপক দুলাল মজুমদারের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন অধ্যাপক জলিলুর রহমান, ইমরান হাবীব রুমন, ডা. মনীষা চক্রবর্তী প্রমুখ।
