মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
মঠবাড়িয়ায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পৃথক সংঘর্ষে নারীসহ ছয় জন আহত হয়েছে। সোমবার রাতে উপজেলার মিরুখালী ও বেতমোড় কালিরহাট বাজারে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বেতমোড় ইউপির নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার হোসেন বাদী হয়ে ৩১ জন স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের নাম উল্লেখ করে রাতেই থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ মঙ্গলবার এজাহারনামীয় জাকির হোসন নামের একজনকে গ্রেফতার করে। স্থানীয়রা জানান, রাতে মিরুখালী নাগ্রাভাঙ্গা গ্রামে স্বতন্ত্র (আনারস) মার্কার সমর্থকদের সঙ্গে প্রতিপক্ষের সংঘর্ষে নারীসহ তিন জন আহত হয়। অপরদিকে বেতমোড় ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী খলীলুর রহমানের (অটোরিকশা প্রতীক) সমর্থক ও নৌকা মার্কার প্রার্থী দেলোয়ার হোসেনের সমর্থকদের সংঘর্ষে তিন জন আহত হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুল ইসলাম বাদল জানান, বেতমোড় হামলার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
