বিরামপুরে উত্ত্যক্তকারীসহ তিন জনের কারাদণ্ড

আপডেট : ১৫ জুন ২০২১, ২১:১৯

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা

বিরামপুরে উত্ত্যক্ত ও মাদক সেবনের দায়ে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত তিন জনকে কারাদণ্ডাদেশ দিয়েছে। শহরের কৃষ্টচাঁদপুর ভোকেশনাল স্কুল এলাকায় মঙ্গলবার সকালে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগে পুলিশ ইসলামপাড়া মহল্লার আব্দুর রহিমের ছেলে ইমনকে আটক করে। এছাড়া মাদক সেবনের অভিযোগে ঐ মহল্লার রমজান আলীর ছেলে রোস্তম আলী ও শামসুল হকের ছেলে সাজুকে আটক করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের ভ্রাম্যমাণ আদালত ইমনকে ছয় মাস, রোস্তমকে তিন মাস ও সাজুকে এক মাসের কারাদণ্ড প্রদান করেন। বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত বলেন, আসামিদের মঙ্গলবার দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

পাইকগাছায় যুবকের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, পাইকগাছায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও তার বাবাকে মারপিট করার অভিযোগে রিংকু নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার রাত ৮টায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। রিংকু মালথ গ্রামের কবির হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে সে মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছে। তার ছবি ইন্টারনেটে ছেড়ে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে। এর প্রতিবাদ করায় মেয়েটির বাবাকে মারপিট করলে তিনি ইউএনওর কাছে প্রতিকার চেয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে সোমবার রাতে রিংকুকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ইউএনও।