এভাবে ভাঙন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই সড়কের বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
গোমতী নদীতে বিলীন হচ্ছে দাউদকান্দি উপজেলার সদ্য নির্মিত গৌরীপুর-লালপুর সড়ক। সড়কটি নদীগর্ভে বিলীন হলে এ এলাকার ১৫/২০টি গ্রামের জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ নেমে আসবে।
শুকনো মৌসুমে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার শেষ পর্যায়ে গোমতীর ভাঙন শুরু হয়। এরইমধ্যে কিছু অংশ নদীগর্ভে বিলীন হলে যানবাহন চলাচলে সমস্যা সৃষ্টি হয়। এভাবে ভাঙন চলতে থাকলে আগামী কিছুদিনের মধ্যেই সড়কের বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বিশেষ করে বর্ষা শুরু হলে ভাঙ্গন মারাত্মক রূপ নিবে বলে এলাকাবাসী জানায়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ প্রায় ৮০ লক্ষ টাকা ব্যয়ে দেড়মাস পূর্বে ডিসেম্বর মাসে এ সড়কটির ১ কিলোমিটার অংশ পাকা করে। এ ব্যাপারে কথা বললে দাউদকান্দি উপজেলা নির্বাহী মাহাবুব আলম ভাঙ্গন এলাকা পরিদর্শন করে ভাঙনপ্রতিরোধ ব্যব্যস্থা নিবেন বলে জানান। দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমনের সাথে যোগাযোগ করলে তিনিও ভাঙনরোধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
