শেকৃবি সংবাদদাতা
করোনা মহামারির কারণে আগামী ২৪ জুন থেকে অনলাইনে চূড়ান্ত পরীক্ষা নেবে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের লিখিত, কুইজ ও ব্যাবহারিক পরীক্ষা অনলাইনে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত কমিটি।
গতকাল মঙ্গলবার শেকৃবির পরীক্ষা-সংক্রান্ত কমিটি ও ছাত্র প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত আলোচনাসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে পরীক্ষা-সংক্রান্ত কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. অলোক কুমার পাল এ তথ্য নিশ্চিত করেন।
এ সম্পর্কে অধ্যাপক ড. অলোক কুমার পাল বলেন, ‘প্রথমে আমরা কৃষি অনুষদের লেভেল ৩ সেমিস্টার ১-এর পরীক্ষা নেব। পরীক্ষা জুম মিটিংয়ের মাধ্যমে হবে। পরীক্ষা চলাকালীন অবশ্যই ভিডিও চালু রাখতে হবে। প্রতি ২০ জন শিক্ষার্থীর জন্য একজন পরীক্ষক জুম রুম তৈরি করবেন। পরীক্ষা শেষে পরীক্ষাপত্র স্ক্যান করে পিডিএফ আকারে জমা দিতে হবে। ২০ জুন মক পরীক্ষা নেওয়া হবে। তখন শিক্ষার্থীরা পরীক্ষা পদ্ধতি সম্পর্কে পূর্ণ ধারণা পাবে। কারো কোনো যান্ত্রিক অথবা প্রযুক্তিগত সমস্যা হলে তাকে সময় ও সুযোগ দেওয়া হবে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের সহযোগী অধ্যাপক ড. হারুন-উর রশীদ বলেন, ‘২০ মার্কসের কুইজ পরীক্ষার জন্য ১৫ মিনিটি এবং ৩০ মার্কসের লিখিত পরীক্ষার জন্য ১ ঘণ্টা সময় বরাদ্দ থাকবে।’
ব্যাবহারিক পরীক্ষা সম্পর্কে তিনি বলেন, ‘ব্যাবহারিক পরীক্ষা শুরু হওয়ার আগে দুই-তিনটা ক্লাস নিয়ে তারপর পরীক্ষা শুরু হবে। এতে সবাই পরীক্ষা সম্পর্কে একটা ধারণা পাবে। ব্যাবহারিক পরীক্ষায় থাকবে কুইজ, ভাইবা ও জবের পরিবর্তে আইডেন্টিফিকেশন, জব সম্পর্কিত প্রশ্ন এবং সমস্যা সমাধান করা থাকবে। পরীক্ষার সময় দেড় ঘণ্টার মতো। কোনো ল্যাব খাতা/ ব্যানার/ পোস্টার/ অ্যালবাম সাবমিট করতে হবে না।’
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া বলেন, ‘ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে আমরা এ সিদ্ধান্তে উপনীত হয়েছি। করোনা পরিস্থিতি ভালো না হলে পর্যায়ক্রমে ব্যাচ অনুযায়ী অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। তবে যেসব অনুষদে শিক্ষার্থীর সংখ্যা কম, তারা চাইলে হলে না থাকার শর্তে সশরীরে পরীক্ষা নিতে পারবে।’
