৭ বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক মেয়র কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট

আপডেট : ১৫ জুন ২০২১, ২২:০৯

একটি দুর্নীতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামালকে জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ গতকাল মঙ্গলবার শুনানি শেষে তাকে জামিনের আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আহসান হাবিব কামালের বরিশালের আইনজীবী এবং মহানগর বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মহসিন মন্টু। তিনি আরো জানান, এই আদেশের ফলে সাবেক মেয়র কামালের কারামুক্তিতে আর কোনো বাধা রইল না। হাইকোর্টে কামালের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। তাকে সহযোগিতা করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুদকের পক্ষে শুনানি করেন এ কে এম ফারহান।

আদালত সূত্র জানায়, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিএন্ডটির ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের নামে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত্ করে আসামিরা। এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল বাসেত বাদী হয়ে পাঁচ জনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালত ঐ মামলায় সাবেক মেয়র কামালসহ পাঁচ জনকে সাত বছর করে কারাদণ্ডের আদেশ দেন। মামলায় দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলো বরিশাল পৌরসভার তত্কালীন নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, পৌরসভার সাবেক সহকারী প্রকৌশলী খান মো. নুুরুল ইসলাম, পৌরসভার তত্কালীন উপ-সহকারী প্রকৌশলী আব্দুস সত্তার ও নগরীর কালীবাড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জাকির হোসেন। তারা সবাই উচ্চ আদালত থেকে জামিনে রয়েছেন।