চাল তেল ও চিনির দাম হঠাত্ বাড়লেও সরকারের পদক্ষেপে এখন সহনীয়

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৩

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সংসদকে জানিয়েছেন, সম্প্রতি হঠাত্ করে চাল, ভোজ্য তেল ও চিনির দাম বৃদ্ধি পেয়েছিল। তবে বাণিজ্য মন্ত্রণালয়ের সময়োপযোগী পদক্ষেপের ফলে এসব নিত্যপণ্যের দাম আগের মতো সহনীয় পর্যায়ে চলে এসেছে। গতকাল মঙ্গলবার সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে লক্ষ্মীপুর-১ আসনের এমপি আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

ভোলা-৩ আসনের সরকারদলীয় সদস্য নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার সময় ২০০৮-০৯ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় ছিল ১৫ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে তা ৩৯ হাজার ৭৫৫ মিলিয়ন ডলার ছাড়িয়েছে।

গৃহনির্মাণে বরাদ্দ ১ হাজার ২৫৭ কোটি টাকা : ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, মুজিববর্ষে (২০২০-২১ অর্থবছরে) ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনে ৬৬ হাজার ২৯১টি বাসগৃহ নির্মাণে ১ হাজার ২৫৬ কোটি ৯০ লাখ ৮২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আরেক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বিশ্বব্যাংকের অনুদানে ইমার্জেন্সি মাল্টি সেক্টর রোহিঙ্গা ক্রাইসিস রেসপন্স প্রকল্পের প্রাক্কলিত ৫৯৯ কোটি ২০ লাখ টাকার মধ্যে ১১৭ কোটি ৩২ লাখ টাকা পাওয়া গেছে। গত মে পর্যন্ত এ খাতে ব্যয় হয়েছে ১০২ কোটি ২০ লাখ টাকা।

৯ লাখ ৫৩ হাজার নারীকর্মী বিদেশে গেছেন : প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এক প্রশ্নের জবাবে সংসদকে জানান, ১৯৯১ সাল থেকে নারীকর্মী পাঠানো শুরুর পর এ পর্যন্ত মোট ৯ লাখ ৫৩ হাজার ২৩৯ জন কাজ নিয়ে বিদেশে গেছেন। নারী-পুরুষ মিলিয়ে গত ১০ (২০১১-২০) বছরে ৫৯ লাখ ৮৪ হাজার ৯৪৩ জন কর্মী বিদেশে গেছেন। এরমধ্যে ২০১০ সালে সর্বাধিক ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনের কর্মসংস্থান হয়েছে। মহামারির মধ্যে ২০২০ সালে সবচেয়ে কম ২ লাখ ১৭ হাজার ৬৬৯ জন কর্মী বিদেশে গেছেন। করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় কর্মী পাঠানোর আশা প্রকাশ করেন মন্ত্রী।