যৌন হয়রানি থেকে রক্ষার নীতিমালা অর্ধেক কর্মক্ষেত্রে

আপডেট : ১৬ জুন ২০২১, ০০:৩৬

নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত সমস্যা এবং সীমিত সামর্থ্যের ধারণার বশে খুচরা বিক্রয় খাতের নিয়োগকর্তারা নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মী হিসেবে নিতে চান না। মাত্র ২ শতাংশ নিয়োগকারী প্রতিবন্ধী ব্যক্তিদের কাজে নিতে চান। খুচরা বিক্রয় কর্মীরা দৈনিক গড়ে ১১ঘণ্টা কাজ করেন, কিন্তু তাদের বেশির ভাগই বার্ষিক ছুটি পেলেও মাতৃত্ব বা পিতৃত্বকালীন ছুটি পান না। মাত্র অর্ধেক কর্মক্ষেত্রে কর্মীদের যৌন হয়রানির হাত থেকে রক্ষার নীতিমালা রয়েছে। প্রান্তিক যুব গোষ্ঠীর জন্য কর্মসংস্থান দক্ষতা এবং উপযুক্ত কাজের সুযোগ তৈরির লক্ষ্যে ব্র্যাকের একটি বেসলাইন জরিপে এই তথ্য উঠে এসেছে।

‘খুচরা বিক্রয় খাতের দক্ষতা ও কর্মসংস্থানের ভবিষ্যত্’ শীর্ষক জরিপের ফল গতকাল মঙ্গলবার আয়োজিত এক ওয়েবিনারে প্রকাশ করা হয়েছে। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) এই ওয়েবিনারের আয়োজন করে।  

জরিপে দেখা গেছে, এই খাতে কর্মীদের দক্ষতার অভাব রয়েছে। ৬৮ শতাংশ খুচরা বিক্রেতার মতে, তাদের কর্মচারীরা বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন করতে অক্ষম। ৫৪ ভাগ বলেছেন, তাদের কর্মচারীদের যোগাযোগের দক্ষতা নেই, আর কর্মীদের পণ্য সম্পর্কিত জ্ঞানের অভাবের কথা বলেছেন ৬৮ দশমিক ৬ ভাগ বিক্রেতা। তবে আশার কথা হচ্ছে, বেশির ভাগ কর্মক্ষেত্র সুরক্ষা সরঞ্জাম দ্বারা সজ্জিত। ওয়েবিনারে আয়োজকেরা জানান, ব্র্যাকের এসডিপি প্রান্তিক যুবকদের জন্য কর্মসংস্থান দক্ষতা এবং উপযুক্ত কাজের সুযোগ তৈরির লক্ষ্যে কাজ করছে। এই প্রকল্পের দ্বারা একটি খুচরা বিক্রয় মডিউল এবং দক্ষতার মান তৈরি করা হয়েছে এবং এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত হওয়া প্রথম মডিউল।

প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, জেমকন ফুড অ্যান্ড এগ্রিকালচারাল প্রোডাক্টস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহীন খান এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের উপ-পরিচালক এস এম শাহজাহান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাক এসডিপির হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজি (চলতি দায়িত্ব) তাসমিয়া তাবাসসুম রহমান।