তুরস্কের সঙ্গে যুব ও ক্রীড়ার উন্নয়নে এমওইউ স্বাক্ষরের উদ্যোগ 

আপডেট : ১৬ জুন ২০২১, ২১:১৯

তুরস্কের সঙ্গে যুব ও ক্রীড়া বিষয়ক এমওইউ স্বাক্ষর হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার (১৬ জুন) দুপুরে সচিবালয়ে তার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান সৌজন্য সাক্ষাৎ করেন।  

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘তুরস্কের রাষ্ট্রদূত আমাদের সঙ্গে যুব ও ক্রীড়া বিষয়ক সমঝোতা স্মারক সাক্ষরের প্রস্তাব দিয়েছেন। অচিরেই এ বিষয়ে উভয় দেশের পক্ষ হতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হবে। এ সমঝোতা স্মারকের মধ্যে দিয়ে উভয় দেশের মধ্যে দিয়ে যুব বিনিময় কার্যক্রম গ্রহণ করা হবে এবং উভয় দেশের অভিজ্ঞ কোচের মাধ্যমে খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে, যা বন্ধু প্রতীম দু’রাষ্ট্রের মধ্যে এক নবদিগন্তের সূচনা করবে।’

বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করেন তুরস্কের রাষ্ট্রদূত। তুরান আশা প্রকাশ করেন, তুরস্ক ও বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশ সরকারকে সার্বিক সহযোগিতা করবে।

তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেন, মায়ানমার থেকে বাস্তুচ্যুত নির্যাতিত অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সরকার সারা বিশ্বে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আমি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাই। আমি আশা করি, রোহিঙ্গা ইস্যুতে পূর্বের ন্যায় ভবিষ্যতেও তুরস্ক বাংলাদেশের পাশেই থাকবে।

এ সময়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, তুরস্ক  আমাদের ভালো বন্ধু। আমি আশা করি, তুরস্ক সরকার বাংলাদেশ থেকে আরো বেশি দক্ষ জনশক্তি তুরস্কের  শ্রমবাজারে বিনিয়োগ করবে। প্রতিমন্ত্রী এ সময় ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০ নির্বাচনে তুরস্কের অকুণ্ঠ সমর্থন ও সহযোগিতা প্রদানের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

ইত্তেফাক/এসআই