আনন্দ বিনোদন প্রতিবেদক
জাহিদুর রহমান বিপ্লব প্রথমবারের মতো চলচ্চিত্র (স্বল্পদৈর্ঘ্য) নির্মাণ করেছেন। চলচ্চিত্রের নাম ‘ওমর ফারুকের মা’। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন একুশে পদকপ্রাপ্ত গুণী অভিনেত্রী দিলারা জামান। ২০১৭-২০১৮ সালে দশ লাখ টাকা অনুদানপ্রাপ্ত এই চলচ্চিত্রটির নির্মাণ কাজ বেশকিছুদিন আগেই শেষ করেছেন নির্মাতা জাহিদুর রহমান বিপ্লব। তারপরও টুকটাক কিছ কাজ অসমাপ্ত রয়ে গেছে, এই কাজগুলো শেষ করে শিগগিরই তিনি চলচ্চিত্রটি সেন্সরের জন্য জমা দিবেন। চলচ্চিত্রটিতে অনেকেই অভিনয় করেছেন। তবে সবচেয়ে বড় বিষয় হলো চলচ্চিত্রে শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের বোন সালমা একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রটির মূল গল্প এবং কাহিনি সংক্ষেপ পরিচালকের নিজের। চিত্রনাট্য করেছেন মাসুম রেজা। চলচ্চিত্রটি প্রসঙ্গে জাহিদুর রহমান বিপ্লব বলেন, ‘এটি মূলত পিরোজপুরের শহীদ মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মাকে নিয়ে গল্প। তাকে ঘিরেই কাহিনি আবর্তিত হয়েছে। মা চরিত্রে আমাদের শ্রদ্ধেয় অভিনেত্রী দিলারা জামান আপা অসাধারণ অভিনয় করেছেন। তার অভিনয় নিয়ে আমার আসলে বলার কিছু নেই। কারণ তিনি কেমন অভিনেত্রী তা সবাই অবগত। দর্শক তার মাঝে তাদের মায়ের ছায়া খুঁজে পান। তো আমার বিশ্বাস, দর্শক তার মাঝে ওমর ফারুকের মাকেও দেখতে পাবেন। আমি চলচ্চিত্রটি নিয়ে খুব আশাবাদী।’ বিপ্লব জানান, এই চলচ্চিত্রে আরো অভিনয় করেছেন খায়রুল আলম সবুজ, নাজনীন চুমকী, শাহেদ শরীফ খান, কাজী রাজু, সাঈদ বাবুসহ আরো অনেকে। চলচ্চিত্রটিতে ওমর ফারুকের মায়ের ভূমিকায় অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘আমি যখন জানতে পারলাম মুক্তিযোদ্ধা ওমর ফারুকের মা বেঁচে আছেন, তখন আমি পিরোজপুরে গিয়ে তার সঙ্গে দেখা করলাম। তিনি কথা বলতে পারেন না। বারবার আমাকে ছুঁয়ে দেখছিলেন। যখন অভিনয় করি আমি আমার নিজেরই অজান্তে কান্না চলে আসছিল। ক্যামেরার সামনে আমি কাঁদছিলাম, আর ক্যামেরার পিছনেও সবাই কাঁদছিল। সেই মা এখনো তার ঘরের দরজা বন্ধ করেন না, যে কোনো সময় তার ছেলে চলে আসতে পারে— এমন ভাবনায়।’
